শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ডেমরায় শামসুল হক খান স্কুল প্রাঙ্গণে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সম্পর্ক আরও শক্তিশালী করেছেন। ভবিষ্যতে শিক্ষা ও প্রযুক্তিসহ বহুমুখী খাতে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও জোরদার হবে।
ড. এহছানুল হক মিলন বলেন, চীনা কমিউনিস্ট পার্টির দেওয়া এই উপহার দুই দেশের শিক্ষাক্ষেত্র ও প্রযুক্তি বিনিময়ে সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করল। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরকালে শিক্ষাসহ বহুমুখী খাতের উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন, যা ভবিষ্যতে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভূমিকা রাখবে। তার চীন সফর এক নতুন দিগন্তের সূচনা করেছে। সেই ধারাবাহিকতায় আমরা বেইজিং এগ্রিমেন্ট স্বাক্ষর করেছি। এর মাধ্যমে দুই দেশের শিক্ষা সহযোগিতার পথ সম্প্রসারিত হয়েছে। শামসুল হক খান স্কুলে আজকের এই আয়োজন দুই দেশের বন্ধুত্বেরই নিদর্শন।
চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং বলেন, বাংলাদেশ চীনের প্রতিবেশী দেশ। দেশটির সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘদিনের। আজকের এই স্মার্ট ক্লাসরুম উপহার ডিজিটাল বিশ্বে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করবে। এই উপহার চীন, দেশটির জনগণ এবং চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন।
অনুষ্ঠানে মোট ২৮টি ক্যাটাগরিতে বিভিন্ন আধুনিক সরঞ্জাম ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে দুটি আধুনিক স্মার্ট ক্লাসরুম, ৫০টি ডেস্কটপ কম্পিউটার, ৪৮ সেট শিক্ষার্থীদের ডেস্ক ও চেয়ার এবং একটি হুয়াওয়ে স্মার্টবোর্ড। এ ছাড়া চার সেট এয়ার কন্ডিশনার, ওয়ার্ম ওয়াটার পট, পেনসিল বক্স, নোটবুক ও বিভিন্ন খেলাধুলার সামগ্রী দেওয়া হয়।
চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে কমিউনিস্ট পার্টি অব চায়না এসব উপহার দিয়েছে। এ উদ্যোগ ডিজিটাল শিক্ষা, চীনা ভাষা শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর পাঠদানকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
এ সময় চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউজিনসহ চীনা কমিউনিস্ট পার্টির নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।