শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা ও কর্মবাজারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলা সময়ের দাবি। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা যেন শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদা পূরণে কাজে লাগে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়লে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সমস্যাগুলো চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাধ্যমে তার সমাধান বের করার উদ্যোগ নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ, পাঠ্যক্রম প্রণয়ন ও সংশোধনে শিল্প খাতের প্রতিনিধিদের সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের জন্য শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফল বাণিজ্যিকীকরণের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি যৌথ গবেষণা কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।
অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বলেন, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে দক্ষ মানবসম্পদ, উদ্ভাবনী সক্ষমতা ও প্রতিযোগিতামূলক শিল্প ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান ও সিসিসিআইয়ের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন এবং প্রশাসনিক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামসহ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি আলী আহমেদ; একেখান গ্রুপের চেয়ারম্যান সালাহউদ্দীন কাসেম খান; চেম্বারের সাবেক পরিচালক ডা. মঈনুল ইসলাম মাহমুদ চৌধুরী ও এম মহিউদ্দিন চৌধুরী এবং চবির সিন্ডিকেট সদস্য এসএম ফজলুল হক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (সিইউ) এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।