বাংলাদেশের অর্থনীতি আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে শিক্ষার প্রসার ঘটছে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে এবং প্রতি বছর বিপুলসংখ্যক তরুণ উচ্চশিক্ষা শেষ করে কর্মজীবনে প্রবেশ করছেন। অন্যদিকে তাদের বড় একটি অংশ উপযুক্ত কর্মসংস্থান পাচ্ছেন না। কেউ বেকার থাকছেন, কেউ শিক্ষাগত যোগ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কাজে যুক্ত হচ্ছেন, আবার কেউ বাধ্য হয়ে অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। ফলে দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী অর্থনৈতিক সম্পদে পরিণত হওয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে অব্যবহৃত মানবসম্পদে পরিণত হচ্ছে। দেশ রূপান্তরে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনভিত্তিক সংবাদে বাংলাদেশের এই সংকটের চিত্র উঠে এসেছে, উচ্চশিক্ষিতদের ৬০ শতাংশের বেশি তাদের যোগ্যতা অনুযায়ী প্রাতিষ্ঠানিক চাকরি পাচ্ছেন না। প্রতিবেদনে কর্মক্ষম জনগোষ্ঠীর সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে না পারার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এসব তথ্যের সম্মিলিত বার্তা হলো, বাংলাদেশের সমস্যা শুধু বেকারত্ব নয়; বরং শিক্ষা, দক্ষতা ও শ্রমের যথাযথ অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করতে না পারা। বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসার ঘটলেও শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় তৈরি হয়নি। অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেও বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতার ঘাটতিতে ভুগছেন। বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগের অভাবও এ সংকটকে বাড়িয়ে তুলছে। ফলে ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেও মানসম্মত কর্মসংস্থান সমানতালে বাড়ছে না। এর অর্থ, শিক্ষা খাতে ব্যক্তি ও রাষ্ট্রের বিনিয়োগের প্রত্যাশিত সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশের শ্রমবাজারের আরেকটি বড় বৈশিষ্ট্য অনানুষ্ঠানিক কর্মসংস্থানের আধিক্য। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত, যাদের সংখ্যা প্রায় ৫ কোটি ৮০ লাখ। কৃষি, ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, নির্মাণ ও বিভিন্ন সেবামূলক কাজে তাদের অবদান গুরুত্বপূর্ণ। তবে এসব কাজে নিয়মিত বেতন, চাকরির নিরাপত্তা, স্বাস্থ্যবীমা ও পেনশনের নিশ্চয়তা অনেক ক্ষেত্রেই নেই। ফলে কর্মসংস্থান থাকলেও শ্রমজীবী মানুষের আর্থিক নিরাপত্তা অনিশ্চিত থেকে যাচ্ছে। উচ্চশিক্ষিতদের একটি অংশও যোগ্যতা অনুযায়ী কাজ না পেয়ে এ খাতে যুক্ত হচ্ছেন। এটি মানবসম্পদের অপব্যবহার এবং অর্থনীতির উৎপাদনশীলতার জন্য উদ্বেগজনক। বাংলাদেশের সামনে জনসংখ্যাগত সুবিধা কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত বেশি থাকলে উৎপাদন, সঞ্চয়, বিনিয়োগ ও জাতীয় আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০৪৫ সালের দিকে বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। কিন্তু এই জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত মানসম্মত কর্মসংস্থান তৈরি করা না গেলে জনসংখ্যাগত সুবিধা অর্থনৈতিক সম্পদে রূপ নেবে না। এ সংকটে নারীর কর্মসংস্থানের বিষয়টিও গুরুত্বপূর্ণ। তৈরি পোশাকশিল্প, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নারীর অবদান উল্লেখযোগ্য হলেও সামাজিক বাধা, নিরাপদ কর্মপরিবেশের অভাব, কর্মক্ষেত্রে বৈষম্য এবং শিশুযতেœর সীমিত সুযোগ তাদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করছে। নারীর শ্রম ও মেধাকে যথাযথভাবে কাজে লাগানো না গেলে জাতীয় উৎপাদনশীলতার সম্ভাবনাও সীমিত থাকবে। তাই সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, মাতৃত্বকালীন সুবিধা এবং শিশুযত্নের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। কর্মসংস্থান সংকট মোকাবিলায় শিল্পায়ন ও বিনিয়োগের বিকল্প নেই। বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। এই নির্ভরতা কমিয়ে ওষুধশিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, চামড়াশিল্প, হালকা প্রকৌশল, ইলেকট্রনিকস, পর্যটন ও তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সহজ ঋণ, প্রযুক্তিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। বিনিয়োগের দুর্বলতা, জ্বালানি সংকট ও আর্থিক খাতের অনিশ্চয়তা দূর করা না গেলে নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টির গতি বাড়ানো কঠিন হবে। প্রযুক্তির পরিবর্তনও ভবিষ্যতের শ্রমবাজারকে নতুনভাবে সাজাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও অটোমেশনের কারণে কিছু প্রচলিত কাজের চাহিদা কমতে পারে, আবার নতুন পেশার সুযোগ তৈরি হবে। তাই তরুণদের ডিজিটাল দক্ষতা, তথ্যপ্রযুক্তি, ডেটা বিশ্লেষণ ও আধুনিক শিল্পপ্রযুক্তিতে প্রশিক্ষিত করতে হবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, যাতে শিক্ষার্থীরা শুধু সনদনির্ভর না হয়ে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন করতে পারেন।
বেকারত্বের প্রভাব শুধু অর্থনৈতিক নয়, সামাজিকও। দীর্ঘদিন চাকরি না পেলে তরুণদের আত্মবিশ্বাস কমে, পরিবারের ওপর নির্ভরশীলতা বাড়ে এবং মেধাপাচারের ঝুঁকি তৈরি হয়। বিদেশে দক্ষ তরুণদের চলে যাওয়ার ফলে দেশের শিক্ষা ও প্রশিক্ষণে করা বিনিয়োগের সুফল অন্য অর্থনীতিতে চলে যেতে পারে। তাই কর্মসংস্থান সৃষ্টি শুধু ব্যক্তির আয়ের বিষয় নয়; এটি সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় অর্থনৈতিক সক্ষমতার সঙ্গেও সম্পর্কিত। বাংলাদেশের এখন প্রয়োজন কর্মসংস্থানকেন্দ্রিক সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা। শিক্ষাব্যবস্থাকে শ্রমবাজারের সঙ্গে যুক্ত করা, বেসরকারি বিনিয়োগ বাড়ানো, নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, অনানুষ্ঠানিক শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলাকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে প্রতি বছর কতটি মানসম্মত চাকরি তৈরি হচ্ছে, কতজন শিক্ষিত তরুণ কর্মসংস্থান পাচ্ছেন এবং শ্রমিকদের উৎপাদনশীলতা কতটা বাড়ছে, তার নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা জরুরি। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার মানুষ। কিন্তু শিক্ষা, দক্ষতা ও শ্রমের যথাযথ মূল্যায়ন না হলে এই সম্পদ অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে না। ২০৪৫ সালের জনসংখ্যাগত সময়সীমা আমাদের মনে করিয়ে দেয়, সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। দেশের উন্নয়নের পরবর্তী ধাপ শুধু অবকাঠামো নির্মাণের ওপর নয়, বরং দক্ষ, কর্মক্ষম ও উৎপাদনশীল মানবসম্পদ তৈরির ওপর নির্ভর করবে। প্রকৃত উন্নয়ন তখনই নিশ্চিত হবে, যখন প্রতিটি শিক্ষিত তরুণ তার যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পাবেন এবং শ্রমের ন্যায্যমূল্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
লেখক : ব্যাংকার ও সহযোগী অধ্যাপক, (খ-কালীন), অর্থনীতি বিভাগ, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়।