এল নিনোর প্রভাব

আগামী বছর হবে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ এএম

অত্যন্ত শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা দেখা দিয়েছে। এতে খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে ২০২৬ সাল এখন পর্যন্ত রেকর্ড করা দ্বিতীয় উষ্ণতম বছর হওয়ার আশঙ্কাও বাড়ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। খবর ইন্টারনেটের।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ২০২৬ সাল বিশ্বের দ্বিতীয় উষ্ণতম বছর হওয়ার পথে রয়েছে। এল নিনোর প্রভাবে মানুষের কর্মকাণ্ডে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন আরও তীব্র হচ্ছে। ইউরোপীয় মাঝারি মেয়াদি আবহাওয়া পূর্বাভাসকেন্দ্র  ইসিএমডব্লিউএফ কোপার্নিকাস জলবায়ু পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে। কেন্দ্রটির জলবায়ুবিষয়ক কৌশলগত প্রধান সামান্থা বার্গেস বলেন, ‘অক্টোবরেও বিশ্বজুড়ে অস্বাভাবিক উষ্ণতার ধারা অব্যাহত ছিল। এ সময় ভূপৃষ্ঠ ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা নতুন রেকর্ড গড়েছে।’

তিনি বলেন, ‘মানব কর্মকাণ্ডের কারণে আগে থেকেই উষ্ণ হয়ে ওঠা জলবায়ুতে অত্যন্ত শক্তিশালী এল নিনো আরও তাপ যোগ করছে।’ এল নিনো প্রাকৃতিক জলবায়ু চক্রের একটি উষ্ণ পর্যায়। এ সময় গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যায়। এর ফলে আবহাওয়ার ধরনে পরিবর্তন আসে। কোনো কোনো অঞ্চলে খরা ও বন্যার ঝুঁকি বাড়ে। একই সঙ্গে মানুষের কর্মকাণ্ডে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবও আরও তীব্র হয়। বিশেষজ্ঞরা জানান, এল নিনোর কারণে ২০২৭ সাল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ হয়ে উঠতে পারে।

এল নিনোর প্রভাবে বন্যার ‘আসন্ন বিপদ’ বিবেচনায় পেরু সরকার মঙ্গলবার দেশটির বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। এর আগে একই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় বলিভিয়াও জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে। এল নিনোর সময় ল্যাটিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এরই মধ্যে পেরুর উত্তরাঞ্চলীয় তুম্বেস ও পিউরা অঞ্চলের বিভিন্ন এলাকা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ৯০ লক্ষাধিক মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, বন্যা ও ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

এশিয়ার কয়েকটি অঞ্চলে এল নিনোর প্রভাবে খরা দেখা দেওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাত কমে যাওয়ায় জলবিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় পানির সংকট দেখা দিতে পারে।

তবে আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করেছে শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি। এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টিপাত হওয়ায় জলবিদ্যুৎ জলাধারগুলোতে পানির মজুদ বেড়েছে। এ কারণেই প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের প্রথমার্ধে দেশটিতে তীব্র খরা দেখা দিতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত