বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম

ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত সিরিজটির পোস্টারে কনের সাজে পিস্তল হাতে দেখা গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে ফারিণ ছাড়াও অভিনয় করছেন আরফান মৃধা শিবলু, পার্থ শেখ ও ইশতিয়াক আহমেদ রুমেল। মাঝখানে সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় বেশ কিছুদিন ওটিটির কাজে দেখা যায়নি ফারিণকে। নতুন এই সিরিজে নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটিও একটু ব্যতিক্রমী। সিরিজে থ্রিলার বা মার্ডার মিস্ট্রি তো অনেক হচ্ছে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চেয়েছি। এটি আমার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।’ দীর্ঘ বিরতির পর ওটিটিতে ফেরা নির্মাতা ইমরাউল রাফাত জানান, প্রচলিত থ্রিলারের বাইরে এবার তারা ডার্ক কমেডি ঘরানা বেছে নিয়েছেন, যেখানে রয়েছে চমৎকার সব টুইস্ট। নাজিম উদ দৌলার চিত্রনাট্যে নির্মিত সিরিজটিতে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন ও সাইদুর রহমান পাভেল। চরকি জানিয়েছে, শিগগিরই সিরিজটি মুক্তি পাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত