বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, জলবায়ু বিশেষজ্ঞ, উন্নয়ন সংস্থা ও পরিবেশকর্মীরা অংশ নিচ্ছেন তুরস্কের আনতালিয়ায় শুরু জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ। গত ৯ নভেম্বর শুরু এ সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের মূল আলোচ্য বিষয় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং আগের আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন। তবে প্রতি বছর আশ্বাসের ফুলঝুরি দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। উন্নত দেশগুলো প্রতিশ্রুত অর্থ সহায়তা না দেওয়ায় অনুন্নত দেশগুলো ঝুঁকিতে পড়েছে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম। যদিও বিশ্বনেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুন্নত দেশগুলোর সহায়তার জন্য বড় ধরনের আর্থিক ফান্ড গড়ে তুলতে।
সম্মেলন-সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবারের গুরুত্ব পাচ্ছে অর্থায়ন, খাদ্যনিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অত্যধিক কার্বন নিঃসরণ করা ধনী দেশগুলো জলবায়ু তহবিলে প্রতিশ্রুত অর্থ সহায়তায় টালবাহান করছে। এর ফলে জলবায়ু পরিবর্তনের কারণে অনুন্নত দেশগুলো নানা সংকটে পড়েছে। এই ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম একটি বাংলাদেশ। এমন পরিস্থিতিতে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান প্রত্যাশা জলবায়ু অর্থায়নে ন্যায্যতা নিশ্চিত করা। ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা এবং ক্ষয়ক্ষতি তহবিল থেকে সহজ শর্তে অর্থ পাওয়ার দাবি তুলে ধরার কথা রয়েছে বাংলাদেশের।
পরিবেশমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু বলেছেন, ‘কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের নিজস্ব অর্থায়নের পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে অতিরিক্ত অর্থায়ন জরুরি।’
সংকটের মধ্যেও সমাধানের লড়াই : সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলা, কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জলবায়ু অর্থায়ন ॥এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু বড় প্রশ্ন হলো প্রতি বছর সম্মেলনে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়, তার কতটুকু বাস্তবে কার্যকর হয়? শিল্পোন্নত দেশগুলোর দীর্ঘদিনের কার্বন নিঃসরণের দায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলো। তাই বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এ সম্মেলন অর্থায়ন, ন্যায্যতা ও অস্তিত্ব রক্ষার গুরুত্বপূর্ণ লড়াই।
৩০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা : অর্থায়ন তিনগুণ বাড়ানোর প্রস্তাব আলোচনায় গুরুত্ব পেলেও তা আনুষ্ঠানিক এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি বলে অভিযোগ উঠেছে। উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিরা মনে করছেন, অর্থায়নের প্রশ্নে কার্যকর আলোচনা ছাড়া জলবায়ু মোকাবিলার বাস্তব অগ্রগতি সম্ভব নয়। আগের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি সব উৎস থেকে জলবায়ু অর্থায়ন বছরে ১.৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার আহ্বানও রয়েছে। কিন্তু এই অর্থের কতটা অনুদান হিসেবে আসবে, কতটা ঋণ হিসেবে দেওয়া হবে এবং কোন দেশ কীভাবে তা পাবে তা অমীমাংসিত রয়ে গেছে।
বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ : জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ও অতিরিক্ত তাপমাত্রা মানুষের জীবন-জীবিকায় প্রতিনিয়ত প্রভাব ফেলছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা ও ভোলাসহ উপকূলীয় জেলাগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বহুমাত্রিক। কোথাও কৃষিজমিতে লবণাক্ততা বাড়ছে, কোথাও সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে। আবার নদীভাঙনে বসতভিটা হারিয়ে মানুষকে নতুন করে জীবন শুরু করতে হচ্ছে। এই পরিস্থিতিতে কপ-৩১ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলনে বাংলাদেশের প্রধান দাবি হচ্ছে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা এবং অভিযোজন কার্যক্রমে প্রযুক্তিগত সহযোগিতা। আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থ ছাড়ে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া ও শর্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশের অবস্থান হলো, জলবায়ু অর্থায়ন যেন নতুন ঋণের বোঝা তৈরি না করে। বরং ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় নিয়ে সহজ শর্তে অনুদান দিতে হবে।
অনুদানভিত্তিক অর্থায়নের দাবি বাংলাদেশের : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে বাংলাদেশ যে অর্থায়ন পাচ্ছে, তার বড় অংশই আসছে ঋণ হিসেবে। ২০০০ সাল থেকে দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট বিনিয়োগের ৯০ দশমিক ৪ শতাংশ এসেছে ঋণের মাধ্যমে। এতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলার পাশাপাশি নতুন ঋণের বোঝাও বাড়ছে। তাই বাংলাদেশে জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান বৃদ্ধির আহ্বান জানিয়েছে নাগরিক সমাজের দুটি সংগঠন চেঞ্জ ইনিশিয়েটিভ ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)। একই সঙ্গে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
বড় নেতাদের অনুপস্থিতি : সম্মেলনের শুরুতেই আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে কয়েকটি প্রভাবশালী দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অনুপস্থিতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মেলনে অংশ না নেওয়ার কথা রয়েছে। তাছাড়া ফ্রান্স, জার্মানি ও কানাডার শীর্ষ নেতৃত্বেরও অনুপস্থিতির কথা উঠে এসেছে। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের বড় অর্থনীতি ও প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
অংশ নিচ্ছে ৭৭ দেশ : সম্মেলনে তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। ১১ ও ১২ নভেম্বর উচ্চ পর্যায়ের নেতাদের আলোচনায় ৭৭টি দেশের প্রতিনিধিদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে বৈশ্বিক উষ্ণতা প্রাক্-শিল্পযুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার চেষ্টা করা। কিন্তু বাস্তব পরিস্থিতি উদ্বেগজনক। ২০২৬ সালের জলবায়ু পরিস্থিতি হালনাগাদ তথ্যে বলা হয়েছে, গত ১২ বছরই পৃথকভাবে রেকর্ডের উষ্ণতম বছরগুলোর মধ্যে রয়েছে। অন্যদিকে বর্তমান নীতিমালা অব্যাহত থাকলে শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক তাপমাত্রা প্রায় ২.৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এটি বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য বড় সতর্কবার্তা।
জ্বালানি নিয়ে চলছে নানা বিতর্ক : জলবায়ু সংকটের অন্যতম বড় কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার। কিন্তু জলবায়ু আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ বা ধাপে ধাপে কমানোর প্রশ্নে এখনো ঐকমত্য তৈরি হয়নি। কপ-৩০ সম্মেলনের চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে প্রত্যাশিত স্পষ্ট ভাষা স্থান পায়নি। ফলে জলবায়ু আন্দোলনকর্মী ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হয়। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমানো, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এবং কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে কী ধরনের সিদ্ধান্ত আসে, সেটিই এখন দেখার বিষয়।
ক্ষয়ক্ষতির হিসাব : জলবায়ু পরিবর্তনের কারণে যেসব ক্ষতি আর অভিযোজনের মাধ্যমে ঠেকানো সম্ভব হচ্ছে না, সেগুলোকে আন্তর্জাতিক আলোচনায় ক্ষয়ক্ষতি হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই বাংলাদেশের দাবি, শুধু অবকাঠামোগত ক্ষতির হিসাব করলেই হবে না। বাস্তুচ্যুতি, জীবিকা হারানো, সুপেয় পানির সংকট, স্থানীয় সংস্কৃতি ও সামাজিক কাঠামোর ক্ষতির বিষয়ও বিবেচনায় নিতে হবে।
তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল গতকাল বিকেল ৪টায় তুরস্কের আনতালিয়ায় পৌঁছেছেন। সেখানে ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে আন্তর্জাতিক দাবি তোলার পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রস্তুতির বিষয়টিও তুলে ধরবে বাংলাদেশ। বিশেষ করে দেশের উপকূলীয় বাঁধ, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, সুপেয় পানির ব্যবস্থা, কৃষি অভিযোজন এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কথা জানাবে।
প্রতিশ্রুতির বাস্তবায়নই আসল পরীক্ষা : সম্মেলন ঘিরে বিশ্ববাসীর প্রত্যাশা অনেক। কিন্তু জলবায়ু সংকটের বাস্তবতা বলছে, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একদিকে উন্নত দেশগুলোর অর্থায়ন নিয়ে অনীহা ও রাজনৈতিক মতপার্থক্য, অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি সব মিলিয়ে আন্তর্জাতিক জলবায়ু সহযোগিতা বড় পরীক্ষার মুখে। এবারের সম্মেলনে ঘোষিত লক্ষ্য হচ্ছে আগের প্রতিশ্রুতিগুলোকে বাস্তব কাজে রূপ দেওয়া। কিন্তু সেই লক্ষ্য অর্জনে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, কার্বন নিঃসরণ কমানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার নিশ্চিত করা অপরিহার্য।
জলবায়ু পরিবর্তন বিচ্ছিন্ন সংকট : সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বলেছেন, জলবায়ু পরিবর্তন এখন আর বিচ্ছিন্ন কোনো সংকট নয়। অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ, খাদ্যনিরাপত্তা, ঋণের চাপ ও প্রযুক্তিগত বৈষম্যের সঙ্গে জলবায়ু সংকট একে অপরকে আরও জটিল করে তুলছে। বিশ্বের এক প্রান্তের খরার প্রভাব অন্য প্রান্তের মানুষের খাবারের টেবিলেও পড়ে। এবারের সম্মেলনকে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে গড়ে তুলতে চায় তুরস্ক।
আলোচনায় দাবদাহ ও দাবানল : ইউরোপের মারাত্মক দাবদাহ, ইন্দোনেশিয়ার ভয়াবহ দাবানল ও নেপালের বিপর্যয়কর বন্যার পর এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বজুড়ে যখন ‘এল নিনো’ আবহাওয়ার তীব্র উপস্থিতি জলবায়ু বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলছে উল্লেখ করেন বক্তারা। তারা বলছেন, দ্রুত কার্বন নির্গমন হ্রাস করা, জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনীয় অর্থায়ন ও সুরক্ষা প্রদানের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে হবে। জাতিসংঘের জলবায়ু চুক্তি অনুসারে, উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠতে এবং পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরে সহায়তা করতে এতদিন আর্থিক অনুদান দিয়ে আসছে। কিন্তু দরিদ্র দেশগুলোর মতে, এই অর্থের পরিমাণ একেবারেই অপর্যাপ্ত।