রান্নার সময় গ্যাসের চুলায় নীল শিখার পরিবর্তে হলুদ বা কমলা রঙের আগুন দেখা গেলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। কারণ এটি গ্যাসের অসম্পূর্ণ দহনের লক্ষণ হতে পারে। স্বাভাবিক অবস্থায় গ্যাস ও পর্যাপ্ত বাতাসের সঠিক মিশ্রণে চুলার শিখা নীল হয়। কিন্তু বাতাসের সরবরাহে ঘাটতি কিংবা বার্নারে ময়লা জমলে শিখার রঙ পরিবর্তিত হতে পারে।
গ্যাসের বার্নারের ছোট ছোট ছিদ্রে খাবারের কণা, তেল বা ময়লা জমে গেলে গ্যাস ও বাতাসের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। এ কারণে অসম্পূর্ণ দহন হতে পারে। এ সময় কার্বন মনোক্সাইড নামের বিষাক্ত গ্যাস তৈরি হওয়ার ঝুঁকি থাকে। এ গ্যাস গন্ধহীন ও বর্ণহীন। এর সংস্পর্শে মাথাব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, দুর্বলতা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে এটি প্রাণঘাতীও হতে পারে। এ ছাড়া রান্নার হাঁড়ি বা কড়াইয়ের তলায় বারবার কালো কালি জমলেও সতর্ক হওয়া প্রয়োজন। গ্যাসের চাপ, রেগুলেটরের ত্রুটি কিংবা পাইপের সমস্যাও শিখার স্বাভাবিক রঙ পরিবর্তনের কারণ হতে পারে।
যা করতে হবে
- নিয়মিত গ্যাসের বার্নার পরিষ্কার রাখুন।
- পরিষ্কারের আগে গ্যাসের সংযোগ বন্ধ করে চুলা ঠা-া হতে দিন।
- বার্নারের ছিদ্র পরিষ্কারে ধারালো বস্তু ব্যবহার করবেন না।
- পরিষ্কারের পর সব অংশ ভালোভাবে শুকিয়ে সঠিকভাবে লাগান।
- এরপরও হলুদ শিখা দেখা গেলে চুলাটি
ব্যবহার বন্ধ করে অনুমোদিত টেকনিশিয়ানের সাহায্য নিন।
- রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।
জেনে রাখুন
গ্যাসের গন্ধ পেলে আগুন জ্বালাবেন না, বৈদ্যুতিক সুইচও ব্যবহার করবেন না। নিরাপদ হলে গ্যাসের সরবরাহ বন্ধ করে সবাইকে বাইরে নিয়ে যান। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বা জরুরি সেবায় যোগাযোগ করুন। মনে রাখবেন, গ্যাসের চুলার সামান্য ত্রুটিও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ জরুরি।