‘জনগণ বা সরকারের পক্ষে নয়, তথ্য কমিশন থাকবে নিরপেক্ষ’

১৬ নভেম্বর থেকে জমে থাকা ৯১৭ অভিযোগের শুনানি শুরু, বিশ্ববিদ্যালয় ও স্কুলে হবে তথ্য অধিকার মেলা।

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

দুই বছরের বেশি সময় পর সচল হওয়া তথ্য কমিশনকে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন নতুন প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান। এ কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনে জমে থাকা ৯১৭টি অভিযোগের শুনানি শুরু হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য কমিশন জনগণ বা সরকারের পক্ষ নেবে না বরং নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, তথ্য কমিশন জনগণের পক্ষে থাকবে না, তথ্য কমিশন সরকারের পক্ষে থাকবে না, তথ্য কমিশন নিরপেক্ষ থাকবে।

তথ্য অধিকার আইনের গুরুত্ব তুলে ধরে নাহরিন ইসলাম খান বলেন, সাধারণ মানুষ সরকারের ওপর প্রয়োগ করে জবাবদিহি নিশ্চিত করতে পারে—এমন আইন একটিই। সেটি হলো তথ্য অধিকার আইন।

গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে তথ্য কমিশনকে শক্তিশালী করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর রাখতে এ প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে।

কমিশনের জনবল সংকটের বিষয়টিও তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার। তিনি জানান, ১৫ তলা ভবনে কমিশনের সাংগঠনিক কাঠামো অনুযায়ী ৭৬ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২২ জন। সীমিত জনবল ও নানা প্রতিবন্ধকতার মধ্যেই কার্যক্রম এগিয়ে নিতে ১০০ দিনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তথ্য অধিকার মেলা ও প্রশিক্ষণ

নাহরিন ইসলাম খান বলেন, মানুষকে তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে জানানো এবং সাধারণ মানুষের জন্য কমিশনের দরজা উন্মুক্ত করাই প্রথম লক্ষ্য।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে চাকরি বা ক্যারিয়ার মেলার আদলে ‘আরটিআই মেলা’ আয়োজন করা হবে। নভেম্বরের শেষ দিকে ঢাকার তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় শিক্ষার্থীরা তথ্য অধিকার আইন ব্যবহার করে কীভাবে আইনসম্মতভাবে নিজেদের দাবি-দাওয়া আদায় করতে পারেন, সে বিষয়ে জানতে পারবেন। শিক্ষার্থীদের মধ্যে মব জাস্টিসের প্রবণতা প্রতিরোধ করে আইনসম্মত উপায়ে অধিকার আদায়ের ধারণা ছড়িয়ে দেওয়াও এ উদ্যোগের উদ্দেশ্য।

সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। প্রতিবাদের নামে যেন রাজপথ বন্ধ কিংবা মব তৈরি না হয়, সে বিষয়ে সচেতনতা গড়ে তোলা হবে।

এ ছাড়া তথ্য অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় আগামী সপ্তাহ থেকে স্কুলগুলোতেও তথ্য মেলার আয়োজন করা হবে।

৯১৭ অভিযোগের শুনানি শুরু ১৬ নভেম্বর

প্রধান তথ্য কমিশনার জানান, গত দুই বছরে কমিশনে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে নিজস্ব এজলাসে এসব অভিযোগের শুনানি শুরু হবে।

তিনি বলেন, গত ১৮ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর কয়েক দিনের মধ্যে আরও দুই শতাধিক অভিযোগ জমা পড়েছে। মানুষের মধ্যে তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ায় অভিযোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন তিনি।

অনুদানের অর্থ ব্যয়ে নজরদারি

সরকারি ও বিদেশি অনুদানের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাজেটসংক্রান্ত তথ্য প্রকাশ করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান নাহরিন ইসলাম খান।

তিনি বলেন, “একটি টাকা যদি খরচ হয়, সেই টাকাটি আমার এবং আপনার। আমার এবং আপনার টাকা কোথায় খরচ হচ্ছে, সেটি জানার অধিকার আমাদের আছে।”

যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাজেটের তথ্য থাকবে না, সেসব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার। তিনি জানান, এখন পর্যন্ত শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ধরনের নীতিমালা তৈরি করেছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে এ বিষয়ে সহায়তা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে।

১০০ দিনের কর্মসূচি শেষে আগামী বছর জেলা পর্যায়ে তথ্য কমিশনের কার্যালয় খোলার চেষ্টা করা হবে। পাশাপাশি অভিযোগ গ্রহণের পর স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর কাছে প্রাপ্তিস্বীকার পাঠানোর ব্যবস্থা করতে ডিজিটালাইজেশন ও অটোমেশনের কাজ শুরু হবে।

তথ্য মন্ত্রণালয়ের অধীন নয় কমিশন

তথ্য মন্ত্রণালয়ে গিয়ে কমিশনারদের যোগদান নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে প্রশ্ন করা হলে নাহরিন ইসলাম খান বলেন, তথ্য কমিশন একটি স্বাধীন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। অর্থায়নের বিষয়টি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কমিশন তথ্য মন্ত্রণালয়ের অধীন নয়।

নিয়োগপত্রে উল্লেখ থাকায় তারা মন্ত্রণালয়ে গিয়ে যোগদান করেছেন জানিয়ে তিনি বলেন, এতে রাষ্ট্রীয় কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি এবং কমিশনের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হয়নি। দায়িত্ব গ্রহণের পর তথ্য মন্ত্রণালয়সহ কোনো পক্ষই তাদের কাজে হস্তক্ষেপ করেনি।

গণমাধ্যমকে সহযোগী হিসেবে দেখতে চায় কমিশন

প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণে গণমাধ্যমকে তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে বিবেচনা করা হয়।

তথ্যপ্রবাহে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশ্বকে বদলে দিচ্ছে। তবে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য ও তথ্য বিকৃতির কারণে ঝুঁকিও বাড়ছে। নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হলে কমিশনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, তথ্যপ্রবাহে যেখানেই বাধা আসবে, সাংবাদিকেরা তা তুলে ধরে কমিশনের সহায়তা নিতে পারেন।

তথ্য অধিকার আইনের আওতা বেসরকারি খাতেও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা বলেন এস এ এম মাহফুজুর রহমান। তিনি জানান, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। এসব প্রতিষ্ঠানও বিভিন্নভাবে সরকারি সুযোগ-সুবিধা পায় এবং জনগণের করের অর্থের সঙ্গে সম্পৃক্ত। তাই আইনের সীমাবদ্ধতা পর্যালোচনা করে একে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নেওয়া হবে।

আরেক তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, গণতন্ত্রের বিকাশের প্রধান পূর্বশর্ত বাকস্বাধীনতা নিশ্চিত করা। আর তথ্য জানার অধিকার বাকস্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। জনগণের এ অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, দুই বছরের বেশি সময় কার্যত অচল থাকার পর সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার এবং সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।

সর্বশেষ সর্বাধিক পঠিত