বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও ছায়েদুর রহমানসহ সাত ব্যক্তি এবং তাদের সংশ্লিষ্ট ৯৩টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে এসব হিসাবে থাকা শেয়ার স্বাভাবিকভাবে কেনাবেচার সুযোগ তৈরি হয়েছে। তবে হিসাবগুলো থেকে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। একই সঙ্গে ব্লক মার্কেটে লেনদেন, শেয়ার স্থানান্তর ও মালিকানা পরিবর্তনের সুযোগও বন্ধ থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
বৃহস্পতিবার বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়েছে। এর আগে কমিশনের ১ হাজার ৩৭তম সভায় বিষয়টি পর্যালোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির আদেশ অনুযায়ী, সাত ব্যক্তির নামে পরিচালিত ৯৩টি বিও হিসাবের ওপর আগে আরোপিত অবরুদ্ধ রাখার নির্দেশনা নির্দিষ্ট শর্তে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে মো. আবুল খায়েরের নামে ৩২টি, তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের ২৩টি, কনিকা আফরোজের ১০টি, আবুল কালাম মাতবরের ৮টি, সাজেদ মাদবরের ৪টি, মো. ছায়েদুর রহমানের ১১টি এবং তার স্ত্রী ফেরদৌসী বেগমের ৫টি বিও হিসাব রয়েছে।
তবে এসব হিসাবের ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। আদেশে বলা হয়েছে, হিসাবগুলোতে থাকা শেয়ার মার্জিন বিধিমালা, ২০২৫ অনুযায়ী সমন্বয় করা যাবে। পাশাপাশি ট্রেডিং, ট্রান্সমিশন ও ব্লক মার্কেটের লেনদেন ছাড়া স্বাভাবিক শেয়ার কেনাবেচা করা যাবে। তবে বিও হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না।
এ ছাড়া কোনো বিও হিসাবের বিষয়ে আদালত, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কিংবা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা বহাল থাকলে সেই হিসাবের ক্ষেত্রে এ আদেশ কার্যকর হবে না। সংশ্লিষ্ট হিসাবগুলোতে নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, কোনো শেয়ারের ওপর বন্ধক, লিয়েন বা লক-ইন অবস্থা থাকলে সেসব শেয়ারের ক্ষেত্রে এ আদেশে দেওয়া লেনদেনের সুযোগ প্রযোজ্য হবে না।
এদিকে বিএসইসির নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সিডিবিএলকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের প্রতিবেদন কমিশনে জমা দিতে হবে।