গোমতী নদীকে ঘিরে কুমিল্লায় বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নদীপথ সচল করে ভারতের সঙ্গে নৌবাণিজ্য সম্প্রসারণ এবং কুমিল্লার বিবির বাজারে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গোমতী নদীর নাব্যতা, পানিপ্রবাহ ও অবকাঠামোগত প্রতিবন্ধকতা যাচাইয়ে দাউদকান্দি থেকে বিবির বাজার পর্যন্ত নদীপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম।
শনিবার (১৪ নভেম্বর) তিনি গোমতী নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে নদীর গভীরতা, পানিপ্রবাহ, সেতুর উচ্চতা এবং নৌযান চলাচলের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলো পর্যবেক্ষণ করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও তাঁর সঙ্গে থাকা কর্মকর্তারা।
পরিদর্শন শেষে কুমিল্লা সার্কিট হাউসে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন বিআইডব্লিউটিএর প্রতিনিধিদল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা।
এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ২০২০ সালে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ বিবেচনায় নিয়েই গোমতী নদীতে নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে একপর্যায়ে নদীর ওপর থাকা বিভিন্ন অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। এসব অবকাঠামো অপসারণ বা সংস্কারে প্রকল্পের প্রায় সমপরিমাণ অর্থ ব্যয় হতে পারে। এ কারণে কাজটি থেমে যায়। তবে প্রকল্পটি বন্ধ হয়নি, স্থগিত রয়েছে।
মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার সঙ্গে রাজধানীর যোগাযোগের প্রধান মাধ্যম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কিন্তু সড়কটির বর্তমান অবস্থা আরও কার্যকর করতে সময় লাগবে। বিকল্প সড়কের প্রস্তাবও রয়েছে, সেটি বাস্তবায়নেও সময় প্রয়োজন। সবচেয়ে দ্রুত যে উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব, সেটি হলো নৌপথ সচল করা। আমাদের সরকারও এ বিষয়ে আগ্রহী।
তিনি আরও বলেন, কুমিল্লার বিমানবন্দর বন্ধ রয়েছে। রেল যোগাযোগ সম্প্রসারণের উদ্যোগ চললেও বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই গোমতী নদীকে ঘিরে থাকা সম্ভাবনাকে কাজে লাগাতে চান তাঁরা।
তবে গোমতী নদীতে নৌযান চলাচল চালু করতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম। তিনি বলেন, গোমতী নদীর ঢাল অন্যান্য নদীর তুলনায় অনেক বেশি। এ কারণে নদীর পানি দ্রুত মেঘনা নদীতে চলে যায়। অন্যান্য নদীর মতো পানিপ্রবাহ ধরে রেখে নৌযান চলাচলের উপযোগী করতে হলে গোমতীকে আরও গভীর করে খনন করতে হতে পারে। এ ছাড়া নদীর অপর পাশের বাঁধ থেকেও সব সময় পানি ছাড়া হয় না। তাই সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরও বলেন, গোমতী নদীর ওপর অন্তত ৩০টি সেতু রয়েছে। এসব সেতুর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। নদীপথ পরিদর্শনে পাওয়া তথ্য এবং সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌপরিবহন প্রটোকল চুক্তির (পিআইডব্লিউটিটি) দ্বিতীয় সংযোজনীতে গোমতী নদীর এ নৌপথ অন্তর্ভুক্ত করা হয়। তবে নদীর নাব্যতা-সংকটসহ বিভিন্ন প্রতিবন্ধকতায় প্রকল্পটি এত দিন বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি কুমিল্লার বিবির বাজারে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীতে নৌপথ সচল করার উদ্যোগ নেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার উদ্যোগের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ে নদীপথ পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর সদস্য (পরিঃ পরিঃ) মো. সাজেদুর রহমান, পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মো. সাইফুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা) মো. মহিউদ্দিন চৌধুরীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কুমিল্লা সার্কিট হাউসে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন তারা।