শেয়ারবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেড ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। আগের বছরের একই প্রান্তিকে এ লোকসানের পরিমাণ ছিল ৫৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান কিছুটা কমেছে।
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ৬৫ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে নগদ অর্থের প্রবাহ কমেছে।
অন্যদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে আফতাব অটোমোবাইলসের সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই তারিখে, অর্থাৎ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৪৫ টাকা ৩১ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে এনএভিপিএস কমেছে ৪৮ পয়সা।
জানা গেছে ইপিএসের এই উন্নতির পেছনে প্রধান ভূমিকা রেখেছে আফতাব অটোমোবাইলসের অ্যাসেম্বলিং ইউনিটে গাড়ি সরবরাহ হওয়া এবং সহযোগী প্রতিষ্ঠান নাভানা ব্যাটারিজ লিমিটেডের ব্যাটারি বিক্রি বৃদ্ধি। চলতি প্রান্তিকে অ্যাসেম্বলিং ইউনিটের গাড়ি সরবরাহ থেকে আয় হয়েছে ৯ কোটি ৩৫ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১৮ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা। পাশাপাশি নাভানা ব্যাটারিজের ব্যাটারি বিক্রি ৮২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ২৮ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ৭৪৪ টাকায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে এ বিক্রির পরিমাণ ছিল ১৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৫৫১ টাকা।