অক্টোবরে এলটিইউ ভ্যাট আদায়ে ৩৪.৪৭ শতাংশ প্রবৃদ্ধি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ এএম

চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। মাসটিতে সংস্থাটি মোট ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট আদায় করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৪৭ শতাংশ বেশি। তবে আদায়ে প্রবৃদ্ধি থাকলেও নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সংস্থাটি।

গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর মাসে এলটিইউর ভ্যাট আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা। চলতি অর্থবছরের একই মাসে আদায় বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকায়। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ১৮৫ কোটি ৭২ লাখ টাকা। সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে অক্টোবরেই সংস্থাটির সর্বোচ্চ মাসিক রাজস্ব আদায় হয়েছে।

গত কয়েক অর্থবছরের অক্টোবর মাসের রাজস্ব আদায়ের পরিসংখ্যানেও ধারাবাহিক বৃদ্ধি দেখা যায়। ২০২২-২৩ অর্থবছরের অক্টোবর মাসে এলটিইউর আদায় ছিল ৩ হাজার ৭৪৬ কোটি ২৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে তা বেড়ে হয় ৫ হাজার ২৫২ কোটি ৮১ লাখ টাকা। পরের অর্থবছর, অর্থাৎ ২০২৪-২৫ সালের অক্টোবরে আদায়ের পরিমাণ দাঁড়ায় ৫ হাজার ৫৯১ কোটি ৩ লাখ টাকা।

অন্যদিকে, প্রবৃদ্ধি সত্ত্বেও অক্টোবর পর্যন্ত সামগ্রিক রাজস্ব লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে এলটিইউ। ওই সময়ের জন্য সংস্থাটির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৫৩ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ১৬২ কোটি ২৪ লাখ টাকা।

এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের আগের মাসগুলোতে এলটিইউর ভ্যাট আদায়ে ৩০ শতাংশের বেশি নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে অক্টোবরে ৩৪ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখছে এনবিআর।

সর্বশেষ সর্বাধিক পঠিত