ভারত-পাকিস্তান ফাইনালে বাংলাদেশ দর্শক

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ এএম

দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে কাক্সিক্ষত লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সামনে টানা তৃতীয়বার শিরোপা জয়ের হাতছানি। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তানের লক্ষ্য ইতিহাস গড়ে প্রথম শিরোপা জয়। আজ রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফের ১৫তম আসরের ফাইনাল।

সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত নয়বার শিরোপা জিতেছে তারা। ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। তবে কখনো টানা তিন আসরে শিরোপা জিততে পারেনি ব্লু টাইগার্সরা। এবার সেই ইতিহাস বদলানোর সুযোগ ভারতের সামনে। ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। পিভি বিষ্ণু ও চিনগ্লেনসানা সিং কোনশামের গোলে জয় পায় দলটি। অভিজ্ঞ কয়েকজন ফুটবলারের অনুপস্থিতিতেও তরুণদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ নওশাদ মুসা। তার মতে, এই দলকে দ্বিতীয় সারির দল বলার সুযোগ নেই।

ফাইনালের আগে ভারতীয় কোচ অবশ্য পাকিস্তানকে নিয়ে সতর্ক। ৫ নভেম্বর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। তবে সেই ম্যাচে পাকিস্তানের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রবাসী ফুটবলার ছিলেন না। পরবর্তী সময়ে ঈসা সুলিমান ও আবদুল্লাহ ইকবালের মতো খেলোয়াড়রা দলে যোগ দেওয়ায় শক্তি বেড়েছে তাদের। মুসা বলেন, ‘প্রথম ম্যাচের পরই বলেছিলাম, আমরা যে পাকিস্তানের বিপক্ষে খেলেছি, সেটি তাদের পূর্ণাঙ্গ দল ছিল না। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ফিরলে তারা ভিন্ন দল হয়ে উঠবে।’ পাকিস্তানের শারীরিক শক্তি নিয়ে চিন্তিত নন ভারতীয় কোচ। বরং নিজের দলের গতি ও ক্ষিপ্রতাকে এগিয়ে রাখছেন তিনি। অধিনায়ক সেনা সিংও জানিয়েছেন, শিরোপার চাপ নয়, নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগী তারা।

অন্যদিকে পাকিস্তানের জন্য এবারের ফাইনালই বড় ইতিহাস। এর আগে চারবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দলটি এবার স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে। শনিবার সেমিফাইনালে ৮৬ মিনিটে আবদুল সামাদ শাহজাদের করা গোলেই নিশ্চিত হয় তাদের ঐতিহাসিক জয়। পাকিস্তানের কোচ নরবের্তো সোলানো মনে করেন, ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের পর তাদের দল অনেকটাই বদলে গেছে। পূর্ণাঙ্গ দল নিয়ে ফাইনালে নামতে পারায় আত্মবিশ্বাসী তিনি। সোলানো বলেন, ‘ভারতের প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। তবে এটি সম্পূর্ণ ভিন্ন ম্যাচ। আমাদের আরও খেলোয়াড় যোগ দিয়েছেন। পূর্ণাঙ্গ দল পাওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ ফাইনালের আগে ক্লান্তিকে অজুহাত হিসেবে দেখাতে নারাজ এই পেরুভিয়ান কোচ। তার ভাষায়, ‘ফাইনাল খেলতে নামলে ক্লান্ত থাকার সুযোগ নেই। আমাদের মানসিকতা শক্ত। কোনো অজুহাত নয়, আমরা লড়াই করতে এবং নিজেদের সবটুকু দিতে প্রস্তুত।’ সোলানোর মতে, ফাইনালে দুই দলেরই শিরোপা জয়ের সুযোগ সমান লড়াইটা ৫০-৫০। ভারতের অভিজ্ঞতা ও শিরোপার রেকর্ডের বিপরীতে পাকিস্তানের রয়েছে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন। সব মিলিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবারের ফাইনাল ঘিরে বাড়তি উত্তেজনা এখন পুরো দক্ষিণ এশিয়ার ফুটবলে। পাকিস্তান অধিনায়ক আবদুল্লাহ ইকবালের কাছে ফাইনালে ওঠাই দেশের ফুটবল ইতিহাসের অন্যতম বড় অর্জন। তবে শিরোপা জিততে পারলে সেই অর্জন অন্য উচ্চতায় পৌঁছাবে বলে মনে করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত