হাইকোর্টের ডেথ রেফারেন্সের রায় আজ 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ এএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় হাইকোর্টের রায় জানা যাবে আজ মঙ্গলবার। এ মামলায় অধস্তন আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) এবং জেল আপিলের ওপর গতকাল সোমবার শুনানি শেষ হয়। শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন।

গত ১৩ আগস্ট মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসে। দেশজুড়ে আলোচিত এ ঘটনার প্রায় ছয় মাস এবং অধস্তন আদালতের রায়ের পাঁচ মাস পর উচ্চ আদালতে একদিন শুনানি শেষে রায় হচ্ছে।

গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে পেপার বুক (অধস্তন আদালতের রায়সহ যাবতীয় নথি) উপস্থাপনসহ শুনানি করেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইজাজ কবির দেশ রূপান্তরকে বলেন, ‘শুনানি শেষে আগামীকাল (আজ) রায়ের জন্য রেখেছেন হাইকোর্ট। শুনানিতে আমরা আসামিদের সর্বোচ্চ সাজা বহাল রাখার আরজি জানিয়েছি।’   

গত ৭ জুন ঢাকার একটি আদালত রামিসা হত্যা মামলায় আসামি সোহেল ও স্বপ্নাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-াদেশের রায় দেয়। এরপর ৯ জুন দুজনের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী অধস্তন কোনো বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদ-ের রায় হলে তা কার্যকরে হাইকোর্টে শুনানি সাপেক্ষে অনুমোদন লাগে। গত ১৪ জুন আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। পরে দুজনের পক্ষে শুনানি করতে স্টেট ডিফেন্স কাউন্সেল (রাষ্ট্র নিযুক্ত আইনজীবী) নিযুক্ত করা হয়।

গত ১৯ মে পল্লবীতে রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে বাসার  জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল। আটকের পর ২১ মে আসামি সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশের পর  ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য নিয়ে ওই দিন সাক্ষীদের জেরা শেষ হয়। পরদিন ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়। পরে ৪ জুন যুক্তিতর্কের শুনানি শেষে ৭ জুন রায় হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত