তথ্য ও সম্প্রচারমন্ত্রী বললেন

গোপালগঞ্জ ছাড়া কোথাও আ.লীগের অস্তিত্ব নেই

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। বর্তমানে দলটির কোনো সাংগঠনিক তৎপরতা অবশিষ্ট নেই। গতকাল সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অস্বীকার করে বাংলাদেশে কেউ আর রাজনীতি করতে পারবে না। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্ব। দলটি তাদের রাজনৈতিক ভিত্তি বা ‘পলিটিকাল কার্ড’ সম্পূর্ণ হারিয়ে ফেলেছে এবং বর্তমানে তাদের কোনো সাংগঠনিক তৎপরতা অবশিষ্ট নেই।”

বর্তমান সরকারের গত ৮ মাসের শাসনামলের চিত্র তুলে ধরে তিনি বলেন,  “সরকারের ইতিবাচক কার্যক্রম থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে এবং কৃত্রিমভাবে উত্তেজনা বা ‘হাইপ’ তৈরি করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতির আশ্রয় নিচ্ছে। কিন্তু সহিংস আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার চেষ্টা কোনো সুস্থ রাজনৈতিক পদক্ষেপ নয়।”

বিগত আ.লীগ সরকারের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ দেশের অর্থনীতি ও ভবিষ্যতের যে পরিমাণ ক্ষতি করে গেছে, তা এখনো জাতিকে পুরোপুরি বোঝানো সম্ভব হয়নি। তারা ব্যাংকিং খাতের ব্যালান্সশিট পর্যন্ত লুট করে নিয়ে গেছে এবং চড়া মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি করে গেছে। সেই ধ্বংসস্তূপের দায়ভার বর্তমান সরকারের না হলেও, দেশ পরিচালনার দায়িত্ববোধ থেকে সরকার তা সামাল দেওয়ার চেষ্টা করছে।’

আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিশোধপরায়ণ আখ্যা দিয়ে তিনি সতর্ক করে বলেন, ‘কোনোভাবে ফ্যাসিবাদী শক্তি ফিরে এলে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া মানুষদের ওপর তারা চরম প্রতিশোধ নেবে।’

একই মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন,  ‘সরকার গঠনের পর গত ৮ মাসে দেশে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনা ঘটেনি। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হওয়ায় সরকার কোনো বেআইনি কাজে জড়ায়নি এবং ভবিষ্যতেও জড়াবে না।’

গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এই সুযোগে কোনো অনলাইন পোর্টালে কৌশলে বা পরোক্ষভাবে ফ্যাসিবাদী শক্তিকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা উচিত নয়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত