নতুন ধানের ঘ্রাণ, ফসল ঘরে তোলার আনন্দ আর পিঠা-পুলির আয়োজন, নবান্ন মানেই বাঙালির শেকড়ের কাছে ফিরে যাওয়ার এক উৎসব। কৃষকের ঘরে নতুন ফসল ওঠার আনন্দকে ঘিরে গ্রামবাংলায় একসময় যে উৎসবের আবহ ছড়িয়ে পড়ত, তারই স্মৃতি ও ঐতিহ্য নগরজীবনে তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকলা আর লোকজ খাবারের আয়োজনে অগ্রহায়ণের প্রথম দিনে গতকাল সোমবার মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা ও ধানম-ির রবীন্দ্র সরোবর। পৃথক দুই আয়োজনে উদ্যাপিত হয় ‘নবান্ন উৎসব-২০২৬’ এবং ২৮তম ‘জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’।
‘আবর্তন’-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘নবান্ন উৎসব বাঙালির সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গ্রামগঞ্জের পাশাপাশি পাহাড়ি অঞ্চলেও বিভিন্ন জনগোষ্ঠী এ উৎসব পালন করে। এটি মানুষের জীবনের অংশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচায়ক। শেকড়ের সন্ধান ও ঐতিহ্য ধরে রাখার প্রয়াসে এ আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।’
চারুকলার বকুলতলায় দিনব্যাপী আয়োজনে ছিল ‘চিত্রকলায় নবান্ন’ শীর্ষক আর্ট ক্যাম্প, বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুষ্ঠিত আর্ট ক্যাম্পে চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। বিকেল সাড়ে ৩টায় চারুকলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৪টায় বকুলতলায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং ‘আবর্তন’-এর শতাধিক শিল্পী অংশ নেন।
অন্যদিকে, জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আয়োজনে ধানম-ির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হয় ২৮তম ‘জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩’। সকাল সাড়ে ৭টায় শিল্পী হাসান আলীর বাঁশির সুরের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত চলে সকালের পর্ব।
বাঁশির সুরের পর শিশু সংগঠন মেঠোকুঁড়ি স্কুলের সম্মিলিত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। এরপর সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুর বিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি দলীয় সংগীত পরিবেশন করে। একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী। দলীয় নৃত্য পরিবেশন করে দিব্য, নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র, নন্দন কলা কেন্দ্র, স্পন্দন, নৃত্যকানন ও ভাবনা। একক আবৃত্তি করেন রফিকুল ইসলাম ও নায়লা তারান্নুম কাকলি।
উৎসবকে ঘিরে সকাল থেকেই রবীন্দ্র সরোবরে ছিল নগরবাসীর উপস্থিতি। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা, খৈ, মুড়কি, মোয়া, মুরলি ও বাতাসা। নাগরিক জীবনের ব্যস্ততার মধ্যে এসব লোকজ খাবার ও সাংস্কৃতিক আয়োজন যেন নতুন করে গ্রামবাংলার নবান্নের আবহ তৈরি করে।
সকালের আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ‘নবান্ন কথন’। এতে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা। তিনি বলেন, ‘১৪০৬ বঙ্গাব্দে যাত্রা শুরু করা এ উৎসব নানা চড়াই-উতরাই পেরিয়ে এবার ২৮তম আয়োজনে পৌঁছেছে, যা তাদের জন্য গর্বের। অসাম্প্রদায়িক এ উৎসব সবার মধ্যে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।’
তবে উৎসব আয়োজনের স্থান পাওয়া নিয়ে আক্ষেপও প্রকাশ করে তিনি বলেন, ‘এবার চারুকলায় উৎসবের জন্য স্থান বরাদ্দ পেলেও ১ নভেম্বর তা বাতিলের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসব আয়োজনের কারণ দেখিয়ে বরাদ্দ বাতিল করা হয়। সংস্কৃতিকর্মীদের রাজনীতির ঊর্ধ্বে রেখে সংস্কৃতিচর্চায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘ছোটবেলায় আমন ধানের নতুন আতপ চাল ও গুড়ের খাবারের যে সুবাস পাওয়া যেত, তা এখন নতুন প্রজন্মকে দেওয়ার সুযোগ কমে এসেছে। নবান্ন, পহেলা বৈশাখ ও ঋতু উৎসব বাঙালির গ্রামীণ লোকজ সংস্কৃতির অংশ। এসব উৎসবে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকে না। এ ধরনের সাংস্কৃতিক চর্চা বাড়লে সমাজকে সাম্প্রদায়িকতার প্রভাব থেকেও দূরে রাখা সম্ভব হবে।’
পর্ষদের সহসভাপতি মাহমুদ সেলিম বলেন, ‘কৃষকের আর্থিক সংকটের কারণে নবান্নের আনন্দ তাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। ফসল ঘরে তোলার আগেই ঋণের কারণে অনেক কৃষকের ধান মহাজনের হাতে চলে যায়। ফলে তাদের পক্ষে নবান্ন উদ্যাপন কঠিন হয়ে পড়ে।’
রবীন্দ্র সরোবরে উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয় বিকেল ৪টায়, চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এ পর্বে শিশু সংগঠনের পরিবেশনার পাশাপাশি একক ও দলীয় সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশিত হয়। অংশ নেয় মৈত্রী শিশু দল, নন্দন কুঁড়ি ও সীমান্ত খেলাঘরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।