জলবায়ু সম্মেলন কপ৩১ এর অষ্টম দিনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক তথ্য, সবুজ শিল্পায়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।
গতকাল সোমবার দিনের নির্ধারিত কর্মসূচি ‘বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি’ (সায়েন্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি) এর আওতায় কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে জলবায়ু অভিযোজন ও সহনশীলতা কার্যক্রমে অর্থায়নের ঘাটতি এবং বৈশ্বিক তহবিল থেকে অর্থ সংগ্রহের উপায় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।
ইউএনএফসিসিসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, জাতিসংঘের তুরস্ক প্যাভিলিয়নে দিনের আলোচনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্যের বিশ্বাসযোগ্যতা, সবুজ অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের ভূমিকা, অভিবাসী ও ক্ষুদ্র-মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের সবুজ রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জলবায়ু প্রযুক্তিতে বেসরকারি বিনিয়োগ এবং নৌপরিবহনে কার্বন নিঃসরণ কমানোর বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
এর মধ্যে সকালে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্যের যথার্থতা ও নীতিনির্ধারণে নির্ভরযোগ্য তথ্যের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এরপর যথাক্রমে নারী উদ্যোক্তাদের মাধ্যমে সবুজ শিল্পায়ন এবং জলবায়ু সহনশীল ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, অভিবাসী জনগোষ্ঠী ও ক্ষুদ্র-মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের সবুজ রূপান্তরে ভূমিকা, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জলবায়ু মোকাবিলার উদ্যোগ, বেসরকারি খাতের বিনিয়োগ ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ এবং নৌপরিবহন খাতের কার্বন নিঃসরণ কমিয়ে প্রতিযোগিতামূলক ও জলবায়ু সহনশীল নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের অষ্টম দিনের আন্তর্জাতিক কর্মসূচিতে বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তির মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলার বাস্তব সমাধান খোঁজার পাশাপাশি বাংলাদেশের সাইড ইভেন্টে অর্থায়নের ঘাটতি পূরণ ও স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন ও কৃষি-খাদ্যব্যবস্থার রূপান্তরে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বাংলাদেশে বিনিয়োগের পথ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতে বিভিন্ন উদ্যোগ, আলোচনা ও প্রতিশ্রুতি
থাকলেও সেগুলোর বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। বর্তমান সরকার এ পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে জনগণের জীবনে ইতিবাচক ও দৃশ্যমান প্রভাব ফেলে এমন কার্যক্রম বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
এছাড়া সম্মেলনের আইএলও জাস্ট ট্রানজিশন প্যাভিলিয়নে ‘জাস্ট ট্রানজিশন ইন বাংলাদেশ : দ্য ন্যাশনাল প্ল্যান অ্যান্ড হোয়াট ইট নিডস ফ্রম কপ ৩১’ শীর্ষক উচ্চপর্যায়ের সংলাপে নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন ড. সাইমুম পারভেজ।
তিনি বলেন, আমাদের পরিকল্পনা আছে, আমাদের গ্রিন প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে। নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের প্রক্রিয়াকে ন্যায্য ও অন্তর্ভুক্তি মূলক করতে শ্রমিকের জীবিকা, মানুষের প্রয়োজন এবং পরিবেশের সুরক্ষাকে একসঙ্গে গুরুত্ব দিতে হবে। ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে সরকারের চারটি মন্ত্রণালয় সমন্বিতভাবে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।
পরিবেশ সুরক্ষায় সরকারের নীতিগত পরিবর্তনের কথা তুলে ধরে তিনি জানান, কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে এমন সব ইটভাটা বন্ধ করা হবে। এর পরিবর্তে নির্মাণকাজে কংক্রিট ব্লকের ব্যবহার উৎসাহিত করছে সরকার।
সরকার, শ্রমিক, বেসরকারি খাত ও তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই সংলাপে বাংলাদেশের ন্যায্য রূপান্তরের জাতীয় পরিকল্পনা এবং তা বাস্তবায়নে কপ-৩১ থেকে প্রয়োজনীয় সহায়তার বিষয়গুলো গুরুত্ব পায়।
বাংলাদেশ প্যাভিলিয়নের অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সেলের প্রধান এ কে এম সোহেল ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।