স্বাস্থ্যসেবায় সম্ভাবনা উন্মোচনে এপিক হেলথ কেয়ার-ঢাকা ব্যাংকের সমঝোতা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

এপিক হেলথ কেয়ার লিমিটেড ও ঢাকা ব্যাংক পিএলসির মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এই চুক্তির মাধ্যমে ঢাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এপিক হেলথ কেয়ারে বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা গ্রহণের সুযোগ তৈরি হবে।

সম্প্রতি আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান। তিনি বলেন, “ঢাকা ব্যাংকের সঙ্গে এই সমঝোতা চুক্তি স্বাস্থ্যসেবায় পারস্পরিক সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচন করবে।

আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্বের মাধ্যমে ঢাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত, আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ আরও বিস্তৃত হবে।”

অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডিজিএম সুমন রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানু এবং শাহরিয়ার ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে, ঢাকা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল হেড জনাব মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘এপিক হেলথ কেয়ারের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবার সুযোগকে আরও সমৃদ্ধ করবে। এ ধরনের উদ্যোগ কর্মীদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি একটি সুস্থ ও কর্মক্ষম সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’

এ সময় ঢাকা ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ডিভিশনের ইনচার্জ জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং সিডিএ এভিনিউ শাখার ম্যানেজার-ইন-চার্জ জনাবা সাবিহা জামাল।

এই সমঝোতা চুক্তির মাধ্যমে এপিক হেলথ কেয়ার ও ঢাকা ব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হলো, যা প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত