রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় পড়া শুরু হয়েছে হাইকোর্টে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গতকাল মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়।
মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিম্ন আদালতের পাঠানো নথি (ডেথ রেফারেন্স) এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি ও নিষ্পত্তির জন্য সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে উপস্থাপন করা হয়।
গতকাল সকাল ১০টা ৪০ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, মামলার প্রধান আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্নার সামনেই শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করেন। মূলত স্ত্রী স্বপ্নার মানসিক সম্মতিতেই এই বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছে বলে রাষ্ট্রপক্ষ থেকে উচ্চ আদালতে তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে।
মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন—সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন (স্বপ্না আক্তার)। এর আগে বিচারিক আদালতের রায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলে নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয় এবং আসামিরা কারাগার থেকে জেল আপিল করেন।
এর আগে গত ১৯ মে সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার নথিপত্র ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশু রামিসার বাবা পরিবার নিয়ে রাজধানীর পল্লবীর সেকশন-১১-এর বি-ব্লকের একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন এবং বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনও একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। রামিসা স্থানীয় পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যান প্রধান আসামি সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে পলাতক সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ঘটনায় নিহত রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর গত ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। দ্রুততম সময়ে তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ২৫ মে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন এবং ওই দিনই মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল