স্লিপার বাস চলাচলের জন্য নীতিমালা বা প্রবিধান প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ১৯ জন স্লিপার বাস মালিকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৫ নভেম্বর হাইকোর্টে এ রিট আবেদন করা হয়। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ।
আইনজীবী তানভীর আহমেদ দেশ রূপান্তরকে বলেন, স্লিপার বাস চলাচল ঘিরে ব্যাপক চাঁদাবাজি ও নিয়মসংক্রান্ত নানা অভিযোগ রয়েছে। বাস মালিকদের ধারণা, নীতিমালার আওতায় পরিচালিত হলে এ খাতে চাঁদাবাজি ও হয়রানি কমবে। এ কারণেই তাঁরা নিজেরাই উদ্যোগী হয়ে রিট আবেদনটি করেছেন।
ব্যারিস্টার তানভীর আহমেদ বলেন, ‘স্লিপার বাস একটা নিয়মের মধ্যে চললে সরকার এই খাতে বছরে ১০০ কোটি টাকা রাজস্ব পাবে। তাই এটিকে নীতিমালার মধ্যে আনা উচিত।’