উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম

কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পালংখালী সীমান্তের মিজানের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— উখিয়ার ৮ নম্বর বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের বি ব্লকের বাসিন্দা মো. মোক্তার হোসেনের ছেলে জোবায়ের (২০) এবং ৭ নম্বর কুতুপালং আশ্রয়শিবিরের ই ব্লকের বাসিন্দা মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।

বিজিবি সূত্রে জানা যায়, সকালে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে মিয়ানমার দিক থেকে দুই ব্যক্তিকে পোঁটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

পরে তাদের বহন করা তিনটি পোঁটলা তল্লাশি করে ১৪টি কার্টনে রাখা ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। খাকি রঙের প্যাকেটে মোড়ানো এসব ইয়াবা মিয়ানমার সীমান্ত থেকে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আটক ব্যক্তিরা।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত