গজারিয়ায় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু,গুরুতর আহত এক

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সেলিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নুরুদ্দিন (৪০) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত জয়নুল আবেদীনের ছেলে। আহত নুরুদ্দিন একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ কেনার উদ্দেশ্যে রাত ২টার দিকে বাড়ি থেকে বের হন সেলিম ও নুরুদ্দিন। পরে গন্তব্যে যাওয়ার জন্য জামালদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিলেন তারা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহত নুরুদ্দিনকে উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।

ভাবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত