পাথরঘাটায় ড্রেজার পাইপে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

বরগুনার পাথরঘাটায় সড়কে অবৈধভাবে লাইন নেওয়া পাইপের সঙ্গে ধাক্কা লেগে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে রাশেদা বেগম  নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আব্দুল আলীম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টায় উপজেলার কাঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম (৫০) নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী।

ওসি মো. আব্দুল আলীম জানায়, রাতে পাথরঘাটা বাজার থেকে রাশেদা বেগম ছেলে শাহজালালের মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে কাঠালতলীর চৌরাস্তা এলাকায় পৌঁছালে সেখানে সড়কের মাঝখান দিয়ে অবৈধভাবে প্রায় দুই মাস ধরে রাখা বালুর ড্রেজার পাইপের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে সড়কের ওপর পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। তাৎক্ষনিক তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শাহজালাল জানান, সড়কের ওপর ফেলে রাখা ড্রেজার পাইপের আশপাশে রাতে কোনো ধরনের সতর্কতামূলক সংকেত বা আলোর ব্যবস্থা ছিল না। ফলে অন্ধকারে তারা পাইপটি দেখতে পাননি। 

স্থানীয়রা জানায়, প্রায় দুই মাস ধরে অবৈধভাবে ড্রেজার পাইপের মাধ্যমে বিভিন্ন স্থানে বালু ফেলার কাজ চলছে। এ জন্য সড়কের ওপর উঁচু করে পাইপ ফেলে রাখা হয়েছে। এসব পাইপের কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের। বারবার বিষয়টি জানানো হলেও পাইপ অপসারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত