কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে তার কবিতা অবলম্বনে আরণ্যক নাট্যদল মঞ্চে আনছে নাটক ‘একটি মোরগের কাহিনি’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন অপু মেহেদী। আগামী ২০ নভেম্বর খুলনায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উৎসবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় মঞ্চায়ন হবে ২৪ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে, আরণ্যক নাট্যদল আয়োজিত সুকান্তের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে।
আরণ্যক নাট্যদল জানায়, সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৪ নভেম্বর ‘হে মহাজীবন’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সুকান্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, তার কবিতা আবৃত্তি, গান, গানের সঙ্গে নৃত্য এবং তার কবিতা অবলম্বনে নির্মিত নাটক ‘একটি মোরগের কাহিনি’ মঞ্চস্থ হবে।
শ্রমজীবী ও মেহনতি মানুষের জীবনসংগ্রাম আরণ্যক নাট্যদলের নাট্যচর্চার অন্যতম প্রধান অনুষঙ্গ। সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যেও প্রতিফলিত হয়েছে একই জীবনবোধ ও শ্রেণিসচেতনতা। এ প্রসঙ্গে আরণ্যক নাট্যদলের পক্ষ থেকে বলা হয়, 'সুকান্ত ভট্টাচার্যের কবিতা কেবল শব্দের শিল্প নয়, মানুষের জীবন ও মুক্তির আকাঙ্ক্ষার এক দীপ্ত উচ্চারণ। ক্ষুধা, শোষণ, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে তাঁর কবিতায় ধ্বনিত হয়েছে প্রতিবাদ; পাশাপাশি স্বপ্ন দেখিয়েছে সাম্য, মর্যাদা ও মানবিকতায় গড়া এক নতুন পৃথিবীর।'
আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ বলেন, 'সুকান্তকে শতবর্ষী মনে করতেই পারছি না। একুশ বছরেই যেন সে আটকে আছে। সুকান্ত জন্মেই ক্ষুব্ধ স্বদেশভূমি দেখেছিলেন। মহাজীবনের স্বপ্ন দেখেছিলেন। রানারের রাত ভোর হওয়া পর্যন্ত ছবি এঁকেছিলেন। যদিও সুকান্তের সাহিত্যের ইতিহাস খুব দীর্ঘ নয়, কিন্তু এই অল্প সময়েই তিনি আমাদের মেহনতি মানুষের পক্ষে কথা বলা শিখিয়েছিলেন। আরণ্যক নাট্যদলও একই রকম আদর্শ নিয়েই নাট্যচর্চা করে আসছে। সেই দায়বদ্ধতা থেকেই সুকান্তকে নিয়ে আমাদের এই আয়োজন।'
নাটকটির নির্দেশক অপু মেহেদী বলেন, 'শতবর্ষ পেরিয়েও সুকান্ত কেন প্রাসঙ্গিক, তার উত্তর ছড়িয়ে আছে আজকের বাস্তবতায়। ক্ষুধা, বৈষম্য, শ্রমের অবমূল্যায়ন, শোষণ ও নিপীড়নের যে পৃথিবী এখনো আমাদের ঘিরে রেখেছে, সেখানে সুকান্তের স্বপ্ন ও প্রতিবাদ আজও সমান জীবন্ত। সময় বদলেছে, কিন্তু তার ‘শিশুর জন্য বাসযোগ্য পৃথিবী’ এখনো নির্মিত হয়নি। সুকান্তের কবিতার অন্তর্নিহিত এই জীবনদর্শনকে মঞ্চে অনুবাদের প্রয়াসই একটি মোরগের কাহিনি।'
সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ ‘ছাড়পত্র’-এর অন্তর্গত ‘একটি মোরগের কাহিনি’ কবিতাটি খাদ্য ও বেঁচে থাকার নিশ্চয়তাকে কেন্দ্র করে রচিত এক তাৎপর্যপূর্ণ রূপক। একটি মোরগের জীবন ও পরিণতির মধ্য দিয়ে কবি উন্মোচন করেছেন শ্রেণিবৈষম্য, শোষণ এবং ক্ষমতার অসম সম্পর্কের বাস্তবতা। এখানে মোরগের কাহিনি তাই নিছক একটি প্রাণীর গল্প হয়ে থাকে না; তা হয়ে ওঠে মানুষের চেনা সমাজ ও পৃথিবীরই এক প্রতিচ্ছবি। নাটকের মাধ্যমে এই রূপককে সমকালীন মঞ্চভাষায় তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে।
‘একটি মোরগের কাহিনি’ আরণ্যক নাট্যদলের ৬৭তম প্রযোজনা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবলী চৌধুরী, মরু ভাস্কর, জুয়েল মিজি, শাহরান খান, পারভেজ সরকার, নূরজাহান আক্তার, সুরাইয়া মঈন ফ্লোরা ও তানজিনা হিমু। মঞ্চ ও দ্রব্যসামগ্রী পরিকল্পনায় রয়েছেন সাকিল সিদ্ধার্থ, আলোক পরিকল্পনায় হাশিম মাসুদ, পোশাক পরিকল্পনায় রুবলী চৌধুরী এবং সংগীত পরিকল্পনায় মরু ভাস্কর।