ঢাকার রামপুরা ব্রিজ সংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রামপুরার এই ঘটনার আগে মঙ্গলবার সন্ধ্যা ও রাতে রাজধানীর আরও তিনটি স্থানে বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
রাত পৌনে ৯টার দিকে পল্লবী সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা 'মিরপুর সুপার লিংক' পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এই ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে।
রাত সাড়ে ৯টার দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে।
রাত ১০টা ৪৩ মিনিটের দিকে গুলশান-বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।