পোশাকে উষ্ণতা সাজে আধুনিকতা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ এএম

শীতে ফ্যাশনসচেতন ছেলেরা যেন একটু নড়েচড়ে বসেন। কারণ শীতেই তাদের পোশাকের ফ্যাশনে বহুমাত্রিকতা খুঁজে পাওয়া যায়। শীতের আমেজে বদলে যায় পোশাকের ধরন, সাজেও আসে নতুনত্ব। তবে শীত মানেই আমাদের দেশে ভারী পোশাকের বোঝা নয়। বরং হালকা সোয়েটার, হুডি কিংবা স্টাইলিশ জ্যাকেটেই হতে পারে শীতের অনুষঙ্গ। এ বছর আবহাওয়ার সঙ্গে মানিয়ে স্বাচ্ছন্দ্য আর স্টাইলের মেলবন্ধনে ছেলেদের শীতের ফ্যাশনেও এসেছে নতুন মাত্রা। লিখেছেন মোহসীনা লাইজু

শীত মানেই ভারী পোশাক, মোটা জ্যাকেট কিংবা উলের সোয়েটার এমন ধারণা এখন অনেকটাই বদলে গেছে। সময়ের সঙ্গে বদলেছে পুরুষদের শীতের ফ্যাশনও। এখন আরাম ও স্বাচ্ছন্দ্যের পাশাপাশি পোশাকের নকশা, রঙ এবং নিজস্ব স্টাইলের দিকেও নজর দিচ্ছেন ফ্যাশনসচেতন ছেলেরা। বিশেষ করে আমাদের দেশের আবহাওয়ায় হালকা শীতের পোশাক বেশ জনপ্রিয়। সকালে কিংবা সন্ধ্যায় হালকা ঠা-া, দুপুরে আবার উষ্ণ আবহাওয়া সব মিলিয়ে এমন পোশাকই প্রয়োজন, যা সহজে পরা যায়, আবার প্রয়োজন অনুযায়ী খুলেও রাখা যায়। তাই এবারের শীতের ফ্যাশনে গুরুত্ব পাচ্ছে ফুলসিøভ টি-শার্ট, হালকা সোয়েটার, হুডি, কার্ডিগান, সোয়েট শার্ট ও নানা ধরনের জ্যাকেট।

পোশাকে স্বাচ্ছন্দ্যের ছোঁয়া

ছেলেদের শীতের পোশাকের সবচেয়ে বড় বিশেষত্ব হলো ব্যবহারিক সুবিধা ও স্টাইলের সমন্বয়। এমন পোশাক বেছে নেওয়া জরুরি, যা শরীরকে উষ্ণ রাখবে, আবার চলাফেরায় অস্বস্তি তৈরি করবে না। তুলা, উল, ফ্লিস, নিট ও বিভিন্ন মিশ্র কাপড়ের পোশাক এ ক্ষেত্রে  আমাদের দেশের আবহাওয়ায় বেশ উপযোগী। হালকা ওজনের হওয়ায় এসব পোশাক দীর্ঘ সময় পরও আরাম দেয়। একই পোশাক জিনস, চিনো কিংবা ফরমাল ট্রাউজারের সঙ্গে মিলিয়ে পরা যায়। ফলে পোশাকের সংখ্যা না বাড়িয়েও তৈরি করা সম্ভব নানা ধরনের সাজ।

পোশাকের যত আয়োজন

শীতের পোশাকের তালিকায় প্রথমেই আসে সোয়েটার। গোল গলা, ভি-নেক, হাফ জিপ কিংবা ফুলহাতা  নকশার বৈচিত্র্যে সোয়েটার এখন বেশ জনপ্রিয়। শার্টের ওপর কিংবা টি-শার্টের সঙ্গে সহজেই মানিয়ে যায়। একটু ফরমাল লুক চাইলে বেছে নেওয়া যায় হালকা রঙের ভি-নেক সোয়েটার।

তরুণদের পছন্দের তালিকায় রয়েছে হুডি ও সোয়েট শার্ট। ক্যাম্পাস, আড্ডা কিংবা ঘোরাঘুরিতে জিনস ও স্নিকার্সের সঙ্গে হুডির সমন্বয় বেশ মানানসই। অন্যদিকে সোয়েট শার্টে থাকে তুলনামূলক সাধারণ নকশা। যারা খুব বেশি জমকালো পোশাক পছন্দ করেন না, তাদের জন্য ভালো বিকল্প।

কার্ডিগানও ফিরেছে নতুন আঙ্গিকে। বোতাম কিংবা জিপারযুক্ত কার্ডিগান শার্টের ওপর পরলে তৈরি হয় পরিপাটি লুক। হালকা শীতের দিনে বেশ উপযোগী পোশাক। এ ছাড়া ডেনিম জ্যাকেট, বোম্বার জ্যাকেট, উইন্ডব্রেকার, কোয়াল্টেড জ্যাকেট ও ফ্লিস জ্যাকেট রয়েছে শীতের পোশাকের তালিকায়। একটু বেশি ঠা-ায় ব্যবহার করা যায় পাফার জ্যাকেট। তবে আমাদের দেশের সাধারণ শীতের জন্য খুব ভারী পাফার জ্যাকেটের প্রয়োজন পড়ে না। শীতের পোশাকে আরও বৈচিত্র্য আনতে রয়েছে ফুলহাতা টি-শার্ট, থার্মাল ইননার, নিট ভেস্ট, হালকা ব্লেজার ও শ্যাকেট। শ্যাকেট মূলত শার্ট ও জ্যাকেটের মাঝামাঝি ধরনের পোশাক। শার্টের মতো দেখতে হলেও কাপড় তুলনামূলক মোটা। জিনস কিংবা চিনো প্যান্টের সঙ্গে এটি বেশ মানানসই।

কার জন্য কেমন পোশাক

পোশাক নির্বাচনের ক্ষেত্রে বয়সের পাশাপাশি পেশা, দৈনন্দিন কাজ ও ব্যক্তিত্ব বিবেচনা করা জরুরি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের জন্য হুডি, ওভারসাইজড সোয়েট শার্ট, গ্রাফিক প্রিন্টের সোয়েটার ও ডেনিম জ্যাকেট ভালো পছন্দ হতে পারে। এর সঙ্গে কার্গো প্যান্ট কিংবা স্ট্রেইট কাট জিনস পরলে তৈরি হবে স্মার্ট ক্যাজুয়াল লুক।

অফিসে যাদের নিয়মিত যেতে হয়, তারা বেছে নিতে পারেন সলিড কালারের সোয়েটার, কার্ডিগান, হাফ জিপ নিটওয়্যার কিংবা হালকা ব্লেজার। শার্ট ও ফরমাল ট্রাউজারের সঙ্গে এগুলো পরলে সাজে আসবে পরিপাটি ভাব। যারা নিয়মিত বাইরে কাজ করেন, তাদের জন্য উইন্ডব্রেকার বা হালকা জ্যাকেট সুবিধাজনক। এটি বাতাস থেকে সুরক্ষা দেবে, আবার অতিরিক্ত ভারীও হবে না।

মধ্যবয়সী ও বয়স্ক পুরুষদের জন্য ধূসর, নেভি ব্লু, কালো, বাদামি কিংবা অলিভ রঙের সাধারণ নকশার সোয়েটার ও কার্ডিগান ভালো মানাবে। আর যারা ভ্রমণ কিংবা বাইরের কাজে বেশি সময় কাটান, তাদের জন্য জিপারযুক্ত জ্যাকেট, ফ্লিস ও থার্মাল পোশাক কার্যকর।

এবারের ফ্যাশনে কোনগুলো এগিয়ে

২০২৬ সালের শীতে পুরুষদের ফ্যাশনে দেখা যাচ্ছে পুরনো নকশার নতুন উপস্থাপন। আন্তর্জাতিক ফ্যাশনে ভিনটেজ নিটওয়্যার, কেবল নিট সোয়েটার, ফেয়ার আইল প্যাটার্ন, স্ট্রাইপড সোয়েটার এবং কোয়ার্টার জিপ সোয়েটার বেশ গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি ঢিলেঢালা কাটের পোশাক, বোম্বার জ্যাকেট, ফ্লিস ও স্পোর্টি লুকের পোশাকও রয়েছে ট্রেন্ডে।

দেশীয় ফ্যাশনেও এসেছে নানা বৈচিত্র্য। ডেনিম, কর্ডুরয়, চেক প্রিন্ট, কোয়াল্টেড কাপড় ও নিট ফেব্রিকের ব্যবহার বাড়ছে। কালো, নেভি ব্লু, চারকোল, অলিভ, কফি ব্রাউন ও বেইজ রঙের পোশাক বেশ নজর কাড়ছে। পাশাপাশি বারগান্ডি, অফ হোয়াইট ও গাঢ় সবুজের মতো রঙও শীতের পোশাকে আলাদা মাত্রা যোগ করছে। বিশেষ করে হাফ জিপ সোয়েটার, জিপারযুক্ত কার্ডিগান ও শ্যাকেট তরুণদের পোশাকে নতুনত্ব আনতে পারে।

কোথায় মিলবে, কেমন দরদাম

শীতের পোশাক কিনতে ঢাকার বিভিন্ন মার্কেট ও ফ্যাশন হাউজ ঘুরে দেখতে পারেন। নিউমার্কেট, নিউ সুপার মার্কেট, গাউছিয়া, নূরজাহান প্লাজা, মিরপুরের হকার্স মার্কেট এবং গুলিস্তানের বিভিন্ন দোকানে পাওয়া যায় নানা ধরনের শীতের পোশাক। এ ছাড়া বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন শপিংমল ও দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের শোরুমেও রয়েছে শীতের সংগ্রহ।

দামের ক্ষেত্রে কাপড়, নকশা ও মানভেদে পার্থক্য রয়েছে। সাধারণ মানের হুডি ও শীতের টি-শার্ট প্রায় ৪০০ থেকে ১২০০ টাকার মধ্যে পাওয়া যেতে পারে। সোয়েটার ও কার্ডিগানের দাম ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা আর সাধারণ জ্যাকেটের দাম ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ভালো মানের ব্র্যান্ডের জ্যাকেট, পাফার কিংবা বিশেষ নকশার পোশাকের দাম ৩ হাজার থেকে ৭ হাজার টাকা বা তারও বেশি হতে পারে।

কেনাকাটায় থাকুক সতর্কতা

শীতের পোশাক কেনার সময় শুধু নকশা নয়, কাপড়ের মান ও ব্যবহারিক সুবিধাও দেখতে হবে। কয়েকটি বিষয় খেয়াল রাখলে কেনাকাটা হবে আরও সহজ।

পোশাক কেনার আগে কাপড়ের ধরন ও মান যাচাই করুন।

শরীরের মাপ অনুযায়ী পোশাক কিনুন। খুব আঁটসাঁট পোশাকের             নিচে অন্য পোশাক পরতে অসুবিধা হতে পারে।

হালকা শীতের জন্য অতিরিক্ত মোটা পোশাক না কিনে স্তরে      স্তরে পরার উপযোগী পোশাক বেছে নিন।

একাধিক পোশাকের সঙ্গে মানিয়ে যায় এমন রঙ নির্বাচন          করুন।

জ্যাকেটের জিপার, বোতাম, সেলাই ও পকেট ভালোভাবে        পরীক্ষা করুন।

পোশাকের ওয়াশিং নির্দেশনা দেখে কিনুন, যাতে সহজে রঙ বা আকৃতি নষ্ট না হয়।

কেনার আগে কয়েকটি দোকানে দাম যাচাই করুন। দরদাম      করার সুযোগ থাকলে তা কাজে লাগান।

সর্বশেষ সর্বাধিক পঠিত