কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাবি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০২ এএম

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে ৬৫ ধাপ এগিয়ে ৯৭৭তম অবস্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাবির অবস্থান পঞ্চম। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) পঞ্চমবারের মতো ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৭’ শীর্ষক এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এবারের র‌্যাঙ্কিংয়ে সারা বিশ্বের ২ হাজার ৩টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১০৪১—১০৫০তম। এ বছরের র‌্যাঙ্কিংয়ে রাবির অবস্থান ৯৭৭তম। যা ইতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে। 

র‍্যাঙ্কিংয়ে তিনটি সূচকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান নিরূপণ করা হয়েছে। সব সূচক মিলিয়ে মোট স্কোর ১০০। সব সূচকের যোগফলের গড়ের ভিত্তিতে সামগ্রিক স্কোর নির্ধারিত হয়েছে। তিনটি সূচকের মধ্যে পরিবেশগত প্রভাব ৪৫%, সামাজিক প্রভাব ৪৫% এবং শাসনগত প্রভাব ১০% ধরে এই মান নিরূপণ করা হয়েছে।

র‍্যাঙ্কিংয়ে নিজের অবস্থান ধরে রেখে এবারও দেশসেরা হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থান বিশ্বে ৪৬৬তম। আর দুই ধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬২১তম, তৃতীয় অবস্থানে থাকা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯৩১তম। 

চতুর্থ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অবস্থান ৯৬২তম, ষষ্ঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯৮৩তম, সপ্তম নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান ১০৩১—১০৪০, অষ্টম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অবস্থান ১১০১-১১৫০, নবম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবস্থান ১১৫১-১২০০ এবং দশম খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১৫১-১২০০। 

সর্বশেষ সর্বাধিক পঠিত