রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের সবাই নিহত

দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ এএম

রাশিয়ার সাইবেরিয়ায় সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানের যাত্রী ও ক্রুসহ মোট ১৯ জন ছিলেন, সবাই নিহত হয়েছে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘এএন-১২’ মডেলের বিমানটি কেমেরোভো অঞ্চলের একটি জনমানবহীন এলাকায় নির্ধারিত ফ্লাইট পরিচালনার সময় মঙ্গলবার  (১৭ নভেম্বর) গভীর রাতে বিধ্বস্ত হয়।

যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মন্ত্রণালয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় গভর্নর সেরেদিউক। পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরেই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিভিয়ে ফেলে এবং পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।

তিনি জানিয়েছেন, জরুরি প্রয়োজনে একটি হেলিকপ্টার এবং একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। গভর্নর বলেন, এখন আমাদের লক্ষ্য হল তদন্তকারীদের নির্বিঘ্নে কাজ করতে সহায়তা করা।

গভর্নরের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, অগ্নিনির্বাপণকর্মীরা বিমানের ধ্বংসাবশেষের ভেতর তল্লাশি চালাচ্ছেন এবং ঘটনাস্থলের আশেপাশে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তের দৃশ্য দেখা গেছে; যেখানে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচে পড়ে যেতে দেখা গেছে। এরপর একটি বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে, তবে দুর্ঘটনাটি অনেক দূরে ঘটায় তা স্পষ্টভাবে দেখা যায়নি।

বিবিসি এবং রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। এছাড়া রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে, এটি ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সাথে মিলে যায়।

বিধ্বস্ত বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমানগুলো অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধন ও উদ্ধার অভিযানের কাজেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত