গাংনীতে জয় বাংলা লেখা ৬ বোমা সদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয় কৌটা বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়্যারম্যানপাড়া ও বলতলা বাজারসংলগ্ন এলাকা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা জুলহাস উদ্দিন জানান, চেয়্যারম্যানপাড়ার মৃত রুহুল কুদ্দুসের ছেলে মো. হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে লাল টেপে মোড়ানো তিনটি বস্তু দেখতে পান স্থানীয়রা। এছাড়া পার্শ্ববর্তী বলতলা বাজারের কাছে একটি সেতুর ওপর আরও তিনটি একই ধরনের বস্তু পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়টি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা তসিম উদ্দিন বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা বস্তুগুলো সেখানে রেখে যায়। সকালে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন। উদ্ধার করা বস্তুগুলোর মধ্যে তিনটির গায়ে ‘জয় বাংলা’ লেখা রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বোমা সদৃশ বস্তু রেখে থাকতে পারে। উদ্ধার করা বস্তুগুলো প্রকৃত বোমা কি না, তা তদন্তাধীন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত