সোনারগাঁয়ে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই একটি ট্রাক উল্টে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত যানজটের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চট্টগ্রামগামী লেনে ট্রাকটি উল্টে গেলে এর ওপর থাকা গাছগুলো মহাসড়কে ছড়িয়ে পড়ে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে ওই পথে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

রফিকুল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, মোগরাপাড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে লাঙ্গলবন্দ এলাকায় প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে ছিলেন তিনি।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ঘটনাস্থলে থাকা কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ভোরে ট্রাকটি উল্টে যাওয়ায় গাছগুলো মহাসড়কে ছড়িয়ে পড়ে। গাছ সরানোর জন্য সকালে শ্রমিক না পাওয়ায় কাজে দেরি হয়েছে। মাত্র শ্রমিক পাওয়া গেছে। রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত