সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে গ্রিন লাইফ টাওয়ারে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ হোপওয়েল হসপিটালস (বিএইচএইচ) এর নতুন ডায়াগনস্টিক সেন্টার। আজ ১৮ নভেম্বর সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী।
বিএসআরএম’র চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী তার বক্তব্যে বলেন, ‘স্বাস্থ্যসেবা মানবজীবনের অন্যতম মৌলিক চাহিদা, অথচ অনেক সুবিধাবঞ্চিত মানুষের কাছে তা এখনো অধরা।
অর্থের অভাবে বা সঠিক দিকনির্দেশনা না থাকায় অনেকে সঠিক সময়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন, যা অত্যন্ত দুঃখজনক। এই বাস্তবতাকে সামনে রেখে বিএসআরএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে নিবেদিত একটি অলাভজনক সমাজকল্যাণমূলক উদ্যোগ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে, যা পরিচালিত হচ্ছে ‘বাংলাদেশ হোপওয়েল হসপিটালস (বিএইচএইচ) এর ছায়াতলে। বিএইচএইচ এর উদ্দ্যেশ্য সহজ— আর্থিক সীমাবন্ধতা যেন কোনো মানুষকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না করে। আশা করি, এই অলাভজনক প্রতিষ্ঠানটি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।’
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আর্থিকভাবে অসচ্ছল অনেক ব্যক্তি ও পরিবারের কাছে চিকিৎসার ব্যয় এখনো বোঝাস্বরূপ। ল্যাব ও ডাক্তারদের অতিরিক্ত খরচ দরিদ্র মানুষের জন্য একটি বড় বাধা। বাংলাদেশ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে স্বাস্থ্যসেবার সর্বোচ্চ নিশ্চয়তা বৃদ্ধিতে বিএইচএইচ কার্যকর অবদান রাখবে বলে আশাকরি।
বিএইচএইচ কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম নগরের বাকলিয়া অ্যাক্সেস রোড়ের গ্রিন লাইফ টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারটির আয়তন প্রায় ৪ হাজার বগফুুট। সেন্টারটিতে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ, রোগনির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করা হবে। এছাড়া চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধাও পাবেন। তাছাড়া পুনর্বাসনমূলক চিকিৎসার প্রয়োজন এমন রোগীদের জন্য ফিজিওথেরাপির ব্যবস্থাও থাকবে।
আগামী ২০ নভেম্বর থেকে রোগীদের সেবা প্রদান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসআরএম’র পরিচালক (অর্থ) জোহায়ের তাহের আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তপন সেন গুপ্ত, চিফ অপারেটিং অফিসার (স্টিল) হাসান জাফর চৌধুরী, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সাজিদুর রহমান প্রমুখ।