আমি ভাগ্যবান যে লতাজির সঙ্গে আমার দেখা হয়েছিল: সাবিনা ইয়াসমিন

৬ ফেব্রুয়ারি, রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যুর কাছে হার মানলেন সুরের সরস্বতী। মৃত্যুকালে লতা মঙ্গেশকরের বয়স হয়েছিল ৯২ বছর। উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দুনিয়াজুড়ে। বাংলাদেশের সিনেমাতেও গেয়েছেন এই কিংবদন্তি। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এই দেশের শিল্পীদের। ছিল অন্তরঙ্গতাও। তেমনই একজন সাবিনা ইয়াসমিন। লতার সঙ্গে নিজের দেখা হওয়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‌‘‘আমার সঙ্গে দেখা হয়েছিল ১৯৭৮ সালে। আমরা একটা ফেস্টিভ্যালে বোম্বে গিয়েছিলাম। আমার সৌভাগ্য যে উনার সামনে গাইতে পেরেছিলাম। উনার সঙ্গে ছবি আছে। সেটা বের করে সকাল থেকেই দেখছিলাম। সেই সফরে আমি ববিতা, রাজ্জাক, রোজী সিদ্দিকী ছিলাম। সেখানে ছিলেন শচীন দেববর্মন। তিনি বার বার বলছিলেন, অনেকদিন বাংলা গান শুনি না। কতদিন বাংলা গান শুনি না। তুই একটা গান গা। তখন আমি ‘পাল ‍তুলে দে’ গানটি গাইলাম। উনি কাঁদলেন। আমাকে জড়িয়ে ধরলেন। তখন দেখি হঠাৎ লতাজি আসছেন। আমি হারমোনিয়াম ছেড়ে অন্যদিকে পালিয়ে গেলাম। কিন্তু আমাকে আবার ডাকা হলো। বলা হলো, গান গাইতেই হবে। ‘জন্ম আমার ধন্য হলো’ গাইলাম। লতাজি এতো প্রশংসা করলেন! আমি বললাম, ছোটবেলায় আপনার গান শুনে বড় হয়েছি। সত্যি বলতে, এখনও প্রতিদিন উনার গান শুনি।’’

লতার শোকে কাতর সাবিনা বলেন, ‘কী বলবো আর! বলার মতো ভাষা নেই। সকাল থেকেই মুড অফ। কান্নাকাটি করেছি। জানি পৃথিবীর নিয়মে সবই চলবে। লতা মঙ্গেশকর চলে গেলেন। কিন্তু আমার মনে সবসময় একটা চিন্তা ভর করতো, ভাবতাম, তিনি হয়তো কখনও যাবেন না। লতা মঙ্গেশকর ছাড়া একটা পৃথিবীতে- ভাবাই যায় না। আমি ভাগ্যবান যে, লতাজির সঙ্গে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল। সেই মুহূর্তগুলো আজও আমার মনে ভর করে। এখন সেদিনের স্মৃতি খুব মনে পড়ছে। এত বড় মাপের শিল্পী কিন্তু কাছে গিয়ে বোঝার উপায় নেই। একটা কথা তিনি মনে করিয়ে দিয়েছেন, যত বড় শিল্পী ছিলেন, মানুষ হিসেবে ছিলেন ততই বিনয়ী।’

আরও পড়ুন

কেন বিয়ে করেননি লতা মঙ্গেশকর

লতা যেভাবে অভিনেত্রী থেকে সুরসম্রাজ্ঞী হয়ে উঠেছিলেন

ঢাকার সিনেমায় লতার স্মরণীয় সেই গান

১৯৭১ সালে বাংলাদেশে এসেছিলেন লতা মঙ্গেশকর

লতা মঙ্গেশকরের সেরা দশ বাংলা গান

লতা মঙ্গেশকরের সেরা দশ হিন্দি গান

লতা মঙ্গেশকরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সুর সম্রাজ্ঞীর প্রয়াণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ভারতে