সুর সম্রাজ্ঞীর প্রয়াণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ভারতে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৭ পিএম

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতের সংস্কৃতি জগতে তৈরি হয়েছে এক শূন্যতা, আর এই শূন্যতা কোনো দিন পূরণ হবে না বলে দাবি করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সুর সম্রাজ্ঞীর প্রয়াণের খবরে ব্যথিত মোদি টুইট করে জানান, তিনি ‘নির্বাক’। কেন্দ্রের তরফে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে লতার প্রয়াণে।

এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি আমার ব্যথার কথা বলে প্রকাশ করতে পারব না। দয়ালু ও যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবে। তার সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।’

মোদি আরও লেখেন, ‘লতা দিদির গান বিভিন্ন ধরনের আবেগকে প্রকাশ করেছে। তিনি কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতের পরিবর্তন ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছেন। চলচ্চিত্রের বাইরে তিনি সর্বদা ভারতের সমৃদ্ধি সম্পর্কে উত্সাহী ছিলেন। তিনি সব সময় একটি শক্তিশালী ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন।’

তিনি বলেন, ‘আমি লতা দিদির কাছ থেকে সব সময় অগাধ স্নেহ পেয়ে এসেছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তার সঙ্গে আমার আলাপচারিতা অবিস্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে আমি আমার সহ নাগরিকদের সঙ্গে শোকাহত। তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সমবেদনা জানিয়েছেন। ওম শান্তি।’

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী। তার বয়স হয়েছিল ৯২ বছর।

গত জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। তারপর ১১ জানুয়ারি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন এ শিল্পী। প্রথম থেকেই তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি লতার কভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত