সাংবাদিক রানাকে কারাগারে পাঠানোর ঘটনা অনুসন্ধানে মানবাধিকার কমিশন 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, দৈনিক দেশ রূপান্তরের শেরপুর জেলার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা অনুসন্ধান করছে জাতীয় মানবাধিকার কমিশন।

আজ সোমবার বিকেলে রাজশাহী জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্য ও সুধিজনের সাথে মতবিনিময়সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা বাকরুদ্ধ করার সম্পূর্ণ বিরুদ্ধে। বিভিন্ন সময়ে যেসব সাংবাদিক নিগ্রহের শিকার হয় সেগুলোতে আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি। দৈনিক দেশ রূপান্তরের শেরপুর জেলার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর বিষয়ে জানতে আমরা লোক নিয়োগ করেছি। তারা পুরোপুরি তথ্য নেবে এবং মানবাধিকার লঙ্ঘন হলে অবশ্যই আমরা এক্ষত্রে বলবো এবং যদি তাকে হয়রানি করা হয়ে থাকে সেটা অবশ্যই দেখা হবে এবং আমাদের বক্তব্যে সেটা আসবে। যেকোনো সময় যেকোনো মানবাদিকারের লঙ্ঘন যিনিই করে থাকেন তিনি যেই হোন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই হতে পারে।

জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।