দেশ রূপান্তরের সাংবাদিক রানাকে সাজা

তথ্য কমিশনে কাল হাজির হচ্ছেন নকলার সেই ইউএনও

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৮:১৫ এএম

তথ্য চাইতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাওয়া দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে অসহযোগিতার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আগামীকাল তথ্য কমিশনে হাজির হচ্ছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় আগারগাঁওয়ে তথ্য কমিশনের কার্যালয়ে তার ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে। আজ সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় তথ্য কমিশনের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘২ তারিখ (২ এপ্রিল) তাকে হাজির হতে বলা হয়েছিল। এটা যেহেতু সরকারি আদেশ তাই তাকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।’

সাংবাদিককে কারাদণ্ডের ঘটনায় সমালোচিত এই ইউএনওকে গত ২৩ মার্চ তলব করে হাজির হতে নির্দেশ দিয়েছিল তথ্য কমিশন।   

গত ৫ মার্চ ইউএনও কার্যালয়ে গিয়ে একটি সরকারি প্রকল্পের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন শফিউজ্জামান রানা। এ সময় আবেদন প্রাপ্তির অনুলিপি চান তিনি। অসদাচরণের অভিযোগে ইউএনও সাদিয়া উম্মুল বানিনের নির্দেশনায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রানাকে দণ্ডবিধির দুটি ধারায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে পুলিশ ডেকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করে। দেশে এবং বিদেশে গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা রানার মুক্তির দাবিতে বিবৃতি দেয়। ৯  মার্চ তথ্য কমিশনের সদস্য, সাবেক জেলা ও দায়রা জজ শহিদুল আলম শেরপুরে যান। তিনি কারাগারে রানাসহ সংশ্লিষ্ট বিভিন্নজনদের সঙ্গে কথা বলে কমিশনে প্রতিবেদন দেন। সাজার বিরুদ্ধে আপিল ও জামিনের পর গত ১২ মার্চ রানাকে জামিন দেয় জেলা প্রশাসন। ওই দিন তিনি কারাগার থেকে মুক্তি পান। আগামী ১৬ এপ্রিল শেরপুর জেলা প্রশাসনে আপিলের ওপর শুনানির দিন ধার্য আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত