স্কুলছাত্র হত্যা চেষ্টায় কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেপ্তার

খুলনায় স্কুলছাত্র হত্যা চেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে ঘটনার মূলহোতা মহেশ্বরপাশার মো. নাছির উদ্দিন হাওলাদারের ছেলে মো. রিপন হাওলাদার, মো. নাইম মোল্যা, মো. রাতুল, মো. তানভির হাসান অভি, মো. রাফিকুল ইসলাম ওরফে রাফি, মো. রায়হান রহমান রিয়ন, মো. জাবির শেখ, মো. সাগর, কাজী নাহিদ হাসান ও  সরদার মিনহাজুর রহমান। এদের মধ্যে মিনহাজুর রহমান বাদে সকলের বয়স ১৮ বছরের নিচে।

পুলিশ জানায়, এলাকার সিনিয়র ও জুনিয়রদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর মহেশ্বরপাশা দিঘীর পশ্চিম পাড়স্থ জাতীয় তরুণ সংঘ  মাঠে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় হুজাইফা খান নামের এক কিশোর চাপাতির আঘাতে গুরুতর আহত হয়। ওই ঘটনার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরীর দৌলতপুর থানায় মামলা হয়েছে। আসামিদের মধ্যে আসামি রিপন হাওলাদার ও তানভীর হাসান অভি ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ সব সময় অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, জঙ্গি, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুসহ সকল অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশী অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযান অব্যাহত থাকবে।