চাঁদার দাবিতে বিয়েবাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

চাঁদপুরের মতলব উত্তরের সনাতন ধর্মাবলম্বীদের এক বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় রবেব বাবাসহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বরের বাবা বাবুলাল বিশ্বাস (৬০), ভাই ত্রিনাথ বিশ্বাস (৩২), জেঠী বৃজন রানী (৪৫)।

স্থানীয়রা জানায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবু লাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশ্ববর্তী এলাকার নবীর হোসেনের ছেলে মহন (২৫) এর নেতৃত্বে আরমান (১৮), আবির হোসেন (১৬) ও জিসান (১৮)সহ কয়েকজন অনুষ্ঠানে এসে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তারা ৩০ হাজার টাকায় নেমে আসে। পরিস্থিতি সামাল দিতে আয়োজকপক্ষ তিন হাজার টাকা দিলেও তারা তাতে সন্তুষ্ট হয়নি। একপর্যায়ে হামলা চালিয়ে বরের বাবা ও ভাইকে মারধর করে টেবিল-চেয়ার ও আশেপাশে বাড়িরঘর ভাঙচুর করে তারা।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম মোল্লা বলেন, ঘটনার সময় আমরা তারাবির নামাজে ছিলাম। খবর পেয়ে পুলিশকে জানাই।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) প্রদীপ মন্ডল জানান, এ ধরনের চাঁদাবাজি বা সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত