নেপালকে হারিয়ে সবার আগে সেমিতে বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডিতে গ্রুপপর্বে টানা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পেল বাংলাদেশ। শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। তিনটি লোনাসহ নেপালকে ৪৬-৩১ পয়েন্ট ব্যবধানে হারায় বাংলাদেশ।

প্রথমার্ধে ১৮-১৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। হারলেও ম্যাচে একটি লোনা তুলে নিতে সমর্থ হয় নেপাল। যা এই টুর্নামেন্টে বাংলাদেশের কাছ থেকে কোনো দলের প্রথম লোনা প্রাপ্তির ঘটনা। খেলায় দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের তারকা রেইডার মিজানুর রহমান। নেপালের বিরুদ্ধে একাই দলকে ২০টি মূল্যবান পয়েন্ট এনে দেন তিনি।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচসেরা মিজানুর রহমানের হাতে পুরস্কারের ট্রফি ও প্রাইজমানি তুলে দেন জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আজাদ এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ ও নেপাল। একবার বাংলাদেশ পয়েন্ট তুলে নেয় তো, পরেরবার নেপাল। এভাবে এগিয়ে চলে দুদলের গ্রুপপর্বের শেষ ম্যাচ। বাংলাদেশের ম্যাচ দেখতে এদিন দর্শকঢল নামে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। বাংলাদেশের প্রতিটি পয়েন্ট অর্জনে করতালি দিয়ে স্বাগত জানান লাল-সবুজের সমর্থকরা। খেলার প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো।

ম্যাচ শেষে এ কথা উল্লেখ করেন রেইডার মিজানও। তিনি বলেন, ‘আজ নেপালের বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকে আমরা নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে দলের সবাই দারুণ গোছানো ছিল। দলকে জেতাতে পেরে আমি খুশি। জয়ের এই ধারা সেমিফাইনালেও অব্যাহত থাকবে।’

সেমিফাইনালে বাংলাদেশ বি গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে এবং প্রথম অবস্থানে থাকা দল নেপালের মুখোমুখি হবে। শনিবার ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ কারা হচ্ছেন তা চূড়ান্ত হবে।