অদ্ভুতুড়ে ফুটবলে সাবিনাদের এক হালি গোল হজম

আপডেট : ৩১ মে ২০২৪, ০৮:২০ পিএম

বড্ড অচেনা এক বাংলাদেশকে দেখা গেলো শুক্রবার। র‌্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চীনা তাইপের কাছে ফিফা প্রীতি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দল হার মেনেছে ৪-০ ব্যবধানে। ঘরের মাঠে নয়া কোচের ছোঁয়ায় বদলে গিয়ে খেই হারানো সাবিনা খাতুনদের অজেয় রূপটা হুট করেই উধাও। প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ভীষণ হতাশ করেছে দলটি। এমন হারে আসছে অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব ধরে রাখা নিয়ে শঙ্কাটা বেড়েছে অনেকটাই।

মেয়েদের দায়িত্বে এখন এলিট অ্যাকাডেমির ধার করা কোচ পিটার জেমস বাটলার। এই ব্রিটিশ দায়িত্ব নিয়েই শুরু করেছেন নানা পরীক্ষা-নিরীক্ষা। সুবাদে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলটা একেবারেই ছন্নছাড়া রূপে ধরা দিয়েছে। প্রবল প্রতিপক্ষের বিপক্ষে বাটলার যে ফরম্যাট গড়েছেন তা দেখে বিস্মিত হতে হয়েছে। তিন ডিফেন্ডার মাসুরা পারভীন, শিউলি আজিম ও আফিদা খন্দকারকে দিয়ে গড়েছেন ব্যাক-লাইন।

মাঝমাঠে বাদ পড়া মারিয়া মান্দার জাগায় নামিয়েছেন আনাড়ী মুনকি আক্তারকে। মনিকা চাকমার সঙ্গে মুনকি ছাড়াও খেলানো হয়েছে মাতসুসিমা সুমাইয়াকে, যিনি ফরোয়ার্ড পজিশনে খেলতেই বেশি অভ্যস্ত। সানজিদার মতো অভিজ্ঞকে বসিয়ে কোচ সাহেদা আক্তার রিপাকে দেন রাইট উইঙ্গের দায়িত্ব।

সফরকারী চাইনিজ তাইপে ম্যাচের ২৬ মিনিটের মধ্যেই তারা তিন গোলের লিড নিয়ে বাংলাদেশকে ছিটকে দেয় ম্যাচ থেকে। দ্বিতীয়ার্ধের আরেক গোল করে তারা পেয়েছে বড় জয়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত