জাতীয় দলে ফেরার জন্য দারুণ সুযোগ নারীদের প্রিমিয়ার লিগ। সেই সুযোগ দুহাতে লুফে নিচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটার ফারজানা হক পিংকি। পাঁচ ম্যাচে আসরের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন তিনি। তাতে বিকেএসপির বিপক্ষে সহজ জয়ে টেবিলের শীর্ষ স্থানটি মজবুত করে নিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। অন্য ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে এক উইকেটের ব্যবধানে কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করে রূপালী ব্যাংকের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে ৯ উইকেটে ১৭৮ রান তোলে বিকেএসপি। দুটি করে উইকেট শিকার করেন ইশমা তানজিম, পুজা চক্রবর্তী ও রাবেয়া খান। পাঁচ ম্যাচে ১৪ শিকারে এখন শীর্ষ উইকেটধারী লেগ স্পিনার রাবেয়া।
জবাবে এক প্রান্ত আগলে রেখে মৌসুমে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন পিংকি। ৮ চারে ১১৯ বলের ইনিংসে তিনি অপরাজিত থাকেন ৮১ রানে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অপরাজিত ছিলেন ৩১ রানে। ফারজানা আক্তার লিসাও করেন ৩১ রান। রূপালী ব্যাংক ম্যাচ জেতে ৭ উইকেটে।
পাঁচ ম্যাচের সবকটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রূপালী ব্যাংক। সমান ম্যাচে ২ জয়ে পাঁচ নম্বরে বিকেএসপি। এছাড়া চার ম্যাচে ৪টি করে জয় রয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের।
৪ নম্বর মাঠে কলাবাগান অলআউট হয়ে যায় মাত্র ১১৬ রানে। খেলাঘরের খাদিজাতুল কুবরা ৩টি এবং নুজহাত সাবা ফিরদাউস, ববি খাতুন ও শানু ২টি করে উইকেট তুলে নেন। ব্যাটারদের ব্যর্থতায় স্বল্প সংগ্রহের পরও কলাবাগান দারুণ জমিয়ে তুলেছিল খেলা। জয় থেকে ১৫ রান দূরে থাকতে খেলাঘরের ৯ ব্যাটারকে সাজঘরে ফেরান তারা।
বোলিংয়ের পর ব্যাট হাতেও জ্বলে ওঠেন নুজহাত ও খাদিজা। রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত এক উইকেটের জয় এনে দেন খেলাঘরকে। কলাবাগানের মেহেরুন নেসা জয়া ৩টি, জান্নাতুল ফেরদৌস তিথি ও মুমতা হেনা হাসনাত ২টি করে উইকেট পান।
পাঁচ ম্যাচে খেলাঘরের দ্বিতীয় জয় এটি। একটি পরিত্যক্ত ম্যাচসহ ৫ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান চতুর্থ। সমান ম্যাচে ১ জয়ে সাত নম্বরে কলাবাগান।
এমি মার্তিনেজকে 'পাগল' ও 'অসহ্যকর' বললেন রোমেরো
ক্রিকেট নয়, সাকিবের কাছে সাংসদের কাজই কঠিন
সাকিবের 'সেকেন্ড হোম' যুক্তরাষ্ট্রে কি 'হোম অ্যাডভানটেজ' পাবে বাংলাদেশ!
পুরান ঝড়ের পাল্টা জবাব দিতে পারল না ৯ জনের অস্ট্রেলিয়া