আইসিসিতে যুক্তরাষ্ট্র ক্রিকেট প্রধানের বিরুদ্ধে অপশাসন-দুর্নীতির অভিযোগ

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স করে গোটা বিশ্বের নজর কেড়েছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। অভিবাসীদের নিয়ে গড়া দলটি যে অনেকদূর যাবে, তা নিয়ে কারও সন্দেহ নেই। তবে এবার সেই যুক্তরাষ্ট্রের ক্রিকেটে শুরু হয়েছে ঝামেলা। বোর্ড চেয়ারম্যান ভেনু পিসিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ এনে আইসিসি বরাবর ইমেইল করেছেন বোর্ডের তিন পরিচালক।

‘ক্রিকবাজ’ জানিয়েছে, কলম্বোতে আইসিসির বোর্ড সভা চলাকালীন এই ইমেইলটি পাঠানো হয়েছিল। মেইলটি পাঠিয়েছিলেন বোর্ডের তিন পরিচালক অর্জুন গোনা,কুলজিত সিং এবং প্যাট্রিসিয়া হুইটেকার। এতে ভেনু পিসিকের বিরুদ্ধে প্রধান নির্বাহী নুর মুরাদকে অনৈতিকভাবে অপসারণ, বোর্ডের সদস্যদের মাঝে বিষাক্ত পরিবেশ তৈরির অভিযোগ উঠেছে। এছাড়া গুরুত্বপূর্ণ পদে অবৈধ নিয়োগ, অবৈধভাবে সংবিধান সংশোধন এবং নির্বাচনে জয়লাভের জন্য পদ্ধতিগত দুর্নীতি, খরচের বিষয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগও আনা হয়েছে।

ওই তিন পরিচালকের অভিযোগ, বোর্ড সভায় ভিন্নমত গ্রহণ করতে চান না ভেনু পিসিক। এমনকী তাদেরকে পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকিও নাকি দিয়েছেন। মেইলে বলা হয়েছে, ‘সংখ্যালঘু সদস্য হিসেবে আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে এবং পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে। আরও বলা হয়েছে যে, তার কথা না শুনলে আমাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্যাট্রিসিয়া হুইটেকারকে সরাতে অনেক চেষ্টা করা হয়েছে। এমনকী এজন্য বোর্ডের ফান্ড থেকে আইনী পরামর্শের জন্য ব্যয় করেছেন পিসিক।’

চলতি বছরের জানুয়ারিতে বোর্ডের সংবিধান সংশোধনের উদ্যোগ নেন ভেনু পিসিক। সংশোধনীটি ৯৬ শতাংশ সংখ্যাগরিষ্ট মতের ভিত্তিতে পাসও হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে ৯০৮ জন ‘যোগ্য’ ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি বলে ই মেইলে অভিযোগ আনা হয়েছে। ওই তিনজনের বক্তব্য, ‘বোর্ডে নিজের অবস্থান শক্তিশালী এবং সুরক্ষিত করতে ভেনু পিসিকে নিয়মনীতির তোয়াক্কা করেননি। যা খুশি তাই করেছেন।’