কোহলি সব পেয়েছে, শুধু পাকিস্তানে আসেনি: ইউনিস খান

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০১:৫৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরি মালিক তিনি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ- আইসিসির সব শিরোপাই তার ঝুলিতে আছে। তবু পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইউনিস খান মনে করেন, কোহলির কিছু একটা ‘পাওয়া’ এখনো বাকি আছে। সেটা হলো পাকিস্তানের মাটিতে খেলা!

আগামী বছরের শুরুতে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা আছে। কিন্তু পাকিস্তানে ভারতীয় দল না পাঠানোর সিদ্ধান্তে দীর্ঘদিন ধরেই অনড় আছে ভারত-সরকার। এক্ষেত্রে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেদেশে কোহলিদের খেলতে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এরই মধ্যে কোহলির ক্রিকেট ক্যারিয়ারের অসমাপ্ত এক অধ্যায় নিয়েই বার্তা দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান। 

২০০৬ সালে অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে পাকিস্তানে গেলেও এরপর কখনই সিনিয়র ভারতীয় দলের সঙ্গে পাকিস্তান সফরে যাননি কোহলি। তাই ইউনিস খান বলেছেন, ‘আমরা আশা করছি, বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসবে। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের মুকুটে এই একটা পালক যুক্ত হওয়ার বাকি আছে (পাকিস্তান সফর)। সে যদি আসে, তাহলে আমাদের সবাই খুব খুশি হব।’

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিসিসিআই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চাপ দিচ্ছে। অন্যদিকে পিসিবির এক সূত্র জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য যা যা করা দরকার সব করা হচ্ছে। ‌আসরটির সূচি এবং ফরম্যাট তৈরি করে ইতোমধ্যেই আইসিসিতে জমা দেওয়া হয়েছে। এবার আইসিসির ওপর নির্ভর করছে তারা কীভাবে সূচি তৈরি করবে। ভারতীয় দলের সব ম্যাচ এবং ফাইনাল লাহোরে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত