দিনের শুরুতে ৫টি অভ্যাসে চুল থাকবে স্বাস্থ্যজ্জ্বল

ত্বক ভালো রাখতে যেমন রোজ সকালে যত্ন নিতে হয়, তেমনই চুল ভালো রাখার জন্য সকালে উঠে বিশেষ নিয়মে চুলের যত্ন নেওয়া প্রয়োজন।

সারারাত ঘুমের পর সকালে ওঠার পরে আমরা বেশ তরতাজা অনুভব করি। তখন শরীরে ক্লান্তি থাকে কম। আর এই সময়ে বেশ কিছু স্বাস্থ্যকর অভ্যাসের সাহায্যে শরীরের টক্সিন বের করে দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি স্ক্যাল্পকে ডিটক্সিফাই করে চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনুন।

এখন প্রশ্ন হল, প্রতিদিন সকালে কী ভাবে নেবেন চুলের যত্ন? চলুন জেনে নেই কিছু সহজ উপায়।

স্ক্যাল্পে মালিশ করুন

সকালে ঘুম থেকে ওঠার পরে চুল এলোমেলো থাকার কারণে বেশ জট পড়ে যায়। আঙুল দিয়ে বিলি কেটে কেটে চুলের জট ছাড়িয়ে নিন। এবার একটি মোটা দাঁতের চিরুনি নিয়ে ভালো করে চুল আঁচড়ান। এতে আপনার চুল হবে জটমুক্ত।

এরপর হাতের আঙুলের হালকা চাপে ধীরে ধীরে স্ক্যাল্প মালিশ করুন। চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করতে ভুলবেন না। এতে আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে। হেয়ার ফলিকলে পৌঁছে যাবে পর্যাপ্ত অক্সিজেন। তাই চুলের সুস্বাস্থ্যও অটুট থাকবে।

ধ্যান করুন কিছুক্ষণ

স্ক্যাল্প ম্যাসাজ ও চুল আঁচড়ানোর পরে সুন্দর করে চুল বেঁধে নিন। এরপর এক গ্লাস পানি পান করুন এবং ১০ মিনিট মেডিটেশন করুন। মনে রাখবেন, দুশ্চিন্তা হল চুল পরার অন্যতম কারণ। তাই সকালে উঠে মেডিটেশনের সাহায্যে মানসিক ক্লান্তি কমানো জরুরি। এতে আপনার শরীর-মন ভালো থাকবে। এদিকে চুল পড়াও কমবে।

শ্যাম্পু করুন

অপরিষ্কার স্ক্যাল্পে বাসা বাঁধে নানা সংক্রমণ। তাই এদিকে কোনওভাবে অবহেলা করলে চলবে না। তাই দিনের শুরুতেই শ্যাম্পুর মাধ্যমে চুল পরিক্সার করে নেওয়া জরুরি। হাতে পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে স্ক্যাল্পে লাগান। তারপর সামান্য পানি মিশিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন। এতে আপনার স্ক্যাল্প পরিষ্কার হবে। ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকবে না। আর স্ক্যাল্প পরিষ্কার থাকায় চুল পরাও কমবে। শ্যাম্পু করে চুল ধুয়ে নেওয়ার পরে অবশ্যই কন্ডিশনার লাগান। এটি আপনার চুলকে বাহ্যিক ক্ষতিকারক উপাদান থেকে রক্ষা করবে।

ভালোমত চুল শুকানো

চুলে শ্যাম্পু করার পর অবশ্যই ভালো করে চুল শুকিয়ে নিতে হবে। ভেজা চুল বেধে রাখা কখনই ভালো না। এতে চুল আরও বেশি ঝরে। সময় কম থাকলে ব্লো ড্রায়ারের কুল মোডের সাহায্যে চুলের গোড়া শুকিয়ে নিন। তারপর পরিমাণ মতো সিরাম নিয়ে চুলে লাগান। আপনার চুলের একাধিক সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে। আর চুল ফ্রিজিও থাকবে না।

ক্ষতিকারক সূর্যরশ্মি থেকে চুলকে রক্ষা

দিনের বেলায় বাইরে বেরনোর আগে ত্বকে সানস্ক্রিন লাগান কম বেশি সবাই। কিন্তু চুলে সান প্রোটেকশন কয়জন ব্যবহার করেন? অনেকে চুলকে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করার কথা ভাবেনও না। এই ভুলে চুলের অনেক বড় ক্ষতি হয়। যেমন চুল সহজে রুক্ষ হয়ে যায়। তাছাড়া চুলের প্রাকৃতিক রং নষ্ট হয়। উজ্জ্বলতা মলিন হয়। সকালে বাইরে বেরনোর অন্তত ১০ মিনিট আগে সানব্লক সিরাম চুলে লাগান। অপেক্ষা করুন। তারপর বাইরে বের হন। এই স্বাস্থ্যকর অভ্যাসগুলি গড়ে তোলার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেলে চুল স্বাস্থ্যজ্জ্বল থাকবেই।