বিশ্বকাপ, মহাদেশীয় শিরোপা এবং অলিম্পিকে সোনা জয়ের নজির নেই বিশ্বের কোনো ফুটবল দলের। আর্জেন্টিনার সামনে এবার আছে সেই সুযোগ। কাতার বিশ্বকাপ জয়ের পর তারা আবার জিতেছে কোপা আমেরিকার শিরোপা। এবার তাদের সামনে সুযোগ প্যারিস অলিম্পিকের স্বর্ণ জেতার। ২০০৮ সালের পর যারা আর এই পদক জিততে পারেনি। কিন্তু টুর্নামেন্টের শুরুতেই মরক্কোর কাছে হেরে খেয়েছে ধাক্কা। ইরাকের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা তাই তাদের কাছে বাঁচা-মরার লড়াই।
বাংলাদেশ সময় আজ শনিবার সন্ধ্যা ৭টায় অলিম্পিকের ফুটবল ইভেন্টের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে তারা।
এশিয়ান দেশ ইরাক অবশ্য নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। তারা আছে শীর্ষেই। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ উজ্জীবিত দলটি। বিপরীতে আর্জেন্টিনা শিবিরে আছে বাদ পড়ার শঙ্কা। এই ম্যাচ হারলে কার্যত তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে অলিম্পিক থেকে।
অতীত ইতিহাস বলছে বিশ্বকাপ জেতা দলগুলো অলিম্পিকের পদকের লড়াইয়ে বরাবরই পিছিয়ে থাকে। ২০০৪ এবং ২০০৮ সালের অলিম্পিক ফুটবলে সোনাজয়ী আর্জেন্টিনার জন্য তাই কাজটা কিছুটা কঠিন। এর চেয়েও বড় কথা, নিকোলাস ওতামেন্দির দলকে খেলতে হবে বৈরি পরিস্থিতির মাঝে।
২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনা জিতেছিল ফ্রান্সকে হারিয়ে। আকাশী-সাদা শিবিরের ওপর তাই স্বাভাবিকভাবেই ক্ষোভ কাজ করছে ফ্রেঞ্চ ভক্তদের। এছাড়া সম্প্রতি আর্জেন্টাইন দল কোপা আমেরিকার শিরোপা জেতার পর ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী এক সঙ্গীতে জয় উদযাপন করে। যা পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে আর্জেন্টাইনদের জন্য।
চলমান অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে নাটকীয়ভাবে হেরেছিল আর্জেন্টিনা। তাই অলিম্পিকে টিকে থাকতে আজ ইরাকের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। তবে প্রথম ম্যাচের নাটকীয় হারের ধাক্কা এখনো পুরোপুরি সামলে উঠতে পারেনি দলটি।
চলমান অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে নাটকীয়ভাবে হেরেছিল আর্জেন্টিনা। তাই অলিম্পিকে টিকে থাকতে আজ ইরাকের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। তবে প্রথম ম্যাচের নাটকীয় হারের ধাক্কা এখনো পুরোপুরি সামলে উঠতে পারেনি দলটি। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাসচেরানো মনে করেন সেদিন যা হয়েছে, সেটা বিপজ্জনক এক দৃষ্টান্ত রেখে গেছে। ভবিষ্যতেও এমন কিছু আবার দেখা যায় কি না, সেই শঙ্কার কথাও বলেছেন তিনি।
মাচেরানো বলেছেন, ‘এই কয়েক ঘণ্টা ভালোই কেটেছে। নিশ্চিতভাবেই আগের ম্যাচটি শেষ হওয়ার পর আমাদের খারাপ লেগেছে। যে পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছে, সেটা স্বাভাবিক ছিল না। তবে আমাদের মনোযোগ এখন পরের ম্যাচে। আমরা চেষ্টা করব ভালো খেলার ও ৩ পয়েন্ট আদায় করে নেওয়ার। এটি করতে পারলে আমরা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য লড়াই করতে পারব।’
ভবিষ্যতেও এমন ঘটনা ঘটার শঙ্কা নিয়ে মাচেরানো বলেন, ‘পরিষ্কারভাবেই যা হয়েছে, সেটা একটি বিপজ্জনক দৃষ্টান্ত রেখে গেছে। এখন যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ের পথে থাকা কোনো দলের সমর্থকেরা শেষ মুহূর্তে মাঠে প্রবেশ করতে পারবে এবং দেড় ঘণ্টা কোনো খেলা ছাড়া পার করে দিতে পারবে। এরপর ৪-৫ মিনিট খেলা হবে। এটি ঠেকানো কঠিন হবে; কারণ, আগেও যে তেমনটা হয়েছিল। আমি জানি না, ভবিষ্যতে বিষয়টি কীভাবে সামলানো হবে।’