হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

ঘড়ির কাঁটা বেলা তখন সাড়ে ১২টার ঘরে। তার আগে থেকেই মাঠে উপস্থিত গণমাধ্যমকর্মীরা। সবার অপেক্ষা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য। দায়িত্ব গ্রহণের পর আজই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিস পরিদর্শন করবেন তিনি। এমন সময় হঠাৎ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করেছে একটি রেঞ্জ রোভার। তারপরই গাড়ির দরজা খুলে নামলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ফোনে কথা বলতে বলতে ঢুকে গেলেন ভেতরের দিকে। ক্যামেরা তার দিকে তাক থাকলেও কথা বলেননি তিনি কারো সঙ্গে। লিফট দিয়ে সোজা চলে গেলেন দ্বিতীয় তলায় বিসিবি অফিসে।  

প্রধানমন্ত্রীত্ব থেকে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগ সরকারের পতন হয়। রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করার পর গঠিত হয় অন্তবর্তীকালিন সরকার। তার আগেই দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যিনি ছিলেন আগের সরকারের মন্ত্রী। তার অনুপস্থিতিতে নেতৃত্বশূন্য হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্তবর্তীকালিন সরকার গঠনের পর এবার বিসিবিরও অন্তবর্তীকালিন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, বিসিবির অন্তবর্তীকালিন কমিটিতে সভাপতির দায়িত্ব পেতে পারেন ফারুক আহমেদ। যিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক। পাশাপাশি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচক হিসেবেও। দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটি নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মতপার্থক্য দেখা দেওয়ায় পদত্যাগ করেছিলেন তিনি। আর সেই ফারুকের কাঁধেই এবার বোর্ড প্রধানের গুরু দায়িত্ব ওঠার গুঞ্জন রয়েছে।

সেই গুঞ্জনের পালে হাওয়া যোগ করেছেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারকে শেরে বাংলায় অনুশীলন করতেও কখনো দেখা যায়নি। তবে ক্রীড়া উপদেষ্টার আগমনের দিনে হুট করে মাঠে এসে চমকে দিয়েছেন তিনি।

তবে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে, চমকের কিছু নেই। তামিম বিসিবির কাছে একজন ট্রেইনার চেয়েছেন। অনুশীলন শুরু করতে চান তিনি। তাছাড়া নিজের চোট নিয়েও কথা বলবেন বিসিবর চিকিৎসকের সঙ্গে। আর এ কারণেই মূলত তার বোর্ডে আসা।

গুঞ্জন আছে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে পারেন তামিম ইকবাল।