২৬ ঘণ্টার পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

২৬ ঘণ্টা পর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কামাল হোসেনের (৪০) লাশ ফেরত দিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত দিয়ে ওই যুবকের মরদেহ হস্তান্তর করা হয়। এ তথ্যটি জানিয়েছেন বিজিবি (১০) কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন।

এর আগে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় ওই যুবককে গুলি করে বিএসএফ। এরপর একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যায় তারা। কামাল হোসেন ঘটনাস্থলের পাশে জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, কামাল হোসেন সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন। এক পর্যায়ে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি মাদক ও চোরাকারবারে যুক্ত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার বলেন, ‘ঘটনার পরই আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। এ নিয়ে পতাকা বৈঠক হয়েছে। পরে মরদেহ হস্তান্তর করা হয়।’

নিহত ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মাদকের মামলা ছিল বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।