সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক আটক

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০:২৪ পিএম

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ২৫ বিজিবি (সরাইল ব্যাটালিয়নের) অধীনস্থ ফকিরমোড়া বিওপির একটি টহল দল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করে।

আটক ভারতীয় নাগরিকরা হলেন—ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে  অভি দাশ (১৮)। বিজিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, সীমান্ত পিলার— ২০২২/৭—এস এর নিকট দিয়ে ভারতে ফেরত যাওয়ার সময় ফকিরমোড়া বিওপির টহলদলের বিজিবি জোয়ানারা তাদেরকে আটক করে। এসময় পান্না রানীর নিকট ভারতীয় নির্বাচন কমিশন প্রদত্ত একটি পরিচয়পত্র পাওয়া যায়। আটককৃত ভারতীয় নাগরিক এবং সহযোগিতাকারী মানব পাচারকারী দালাল পলাতক আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, কোন অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে পারবে না। এ ব্যাপারে বিজিবির অভিযান চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত