স্বাধীনতা পেয়েই এত ভয়ংকর ভারতের টি-টোয়েন্টি দল

স্বাধীনতা পেয়েই এত ভয়ংকর ভারতের টি-টোয়েন্টি দল

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশড হয়েছে বাংলাদেশ। তিনটি ম্যাচই ভারত জিতেছে হেসেখেলে। কিন্তু গতকাল শেষ ম্যাচে যে ভয়ংকর ব্যাটিং তাণ্ডব দেখাল ভারত, সেটা হতবাক করে দিয়েছে সবাইকে। অনেকের প্রশ্ন, কোন মন্ত্রে এত উজ্জীবিত ভারতীয় দল?

শেষ টি-টোয়েন্টিতে ২৯৭ রান তুলে ১৩৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। মাত্র ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন। তবে তিন ম্যাচেই অল-রাউন্ড পারফরম্যান্স দেখিয়ে সিরিজ সেরা হয়েছেন হার্দী পান্ডিয়া। বিশেষ করে তার ব্যাটিং এই সিরিজ়ে আলাদা করে নজর কেড়েছে। এমন সাফল্যের জন্য হার্দিক কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবকে।

খেলোয়াড়ী জীবনে আগ্রাসী ব্যাটিং করতেন গম্ভীর। তিনি এই ধরসের ক্রিকেট পছন্দও করেন। তিনি ক্রিকেটারদের নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী খেলার স্বাধীনতা দিয়েছেন। ফলাফল নিয়ে না ভেবে চেষ্টা করতে বলেছেন। পরীক্ষায় ব্যর্থ হলেও দলে রাখার নিশ্চয়তা দিয়েছেন। কোচের পাশে আছেন অধিনায়ক সূর্যকুমারও।

শনিবার ম্যাচ শেষে হার্দিক বলেছেন, 'কোচ এবং অধিনায়ক আমাদের স্বাধীনতা দিয়েছেন। দলের সবার জন্যই এটা দুর্দান্ত ব্যাপার। সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। এসব কারণেই ফলাফলের উন্নতি হচ্ছে। এটা একটা খেলা। আমরা খেলাটা উপভোগ করতে চাইছি। মাঠে নেমে নিজেদের ক্ষমতার সবটুকু উজাড় করে দিতে চাইছি। ড্রেসিংরুমের পরিবেশ উপভোগ্য হলে এক অপরের সাফল্যও উপভোগ করা যায়। এমন পরিবেশে সবাই চেষ্টা করে আরও বেশি কিছু দেওয়ার। সেটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়।’

সাফল্যের অন্যতম কারণ হিসাবে শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকার কথাও বলেছেন হার্দিক, ‘‘আমার শরীর এই মুহূর্তে খুব ভালো অবস্থায় আছে। তেমন কিছু পরিবর্তন করিনি। একই পদ্ধতি অনুসরণ করছি। বলতে পারেন, ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি। মানসিকভাবেও ঠিক জায়গায় আছি। সব মিলিয়ে বেশ উপভোগ করছি।’'