সাকিবের দেশে আসা-যাওয়া নিয়ে সমস্যা দেখি না: ক্রীড়া উপদেষ্টা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৬:০৩ পিএম

সাকিব আল হাসান দেশের মাটিতে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলতে চান। তবে দেশে নিরাপদে আসা এবং যাওয়ার নিশ্চয়তাও তিনি চান। বিসিবও চায় তাকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে। কিন্তু আইনি জটিলতার কারণে শতভাগ নিশ্চয়তা কারো মুখ থেকেই শোনা যায়নি।

আজ যখন যুব ও ক্রীড়া উপদেষ্টা মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এলেন, সেখানেও উঠে এসেছে একই প্রসঙ্গ। তবে এবারও সাকিবের সেই বিষয়ে কোনো সঠিক জবাব পাওয়া যায়নি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উঠে এসেছে এই প্রসঙ্গটা। এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘একজন ক্রিকেটার তিনি খেলবেন, তিনি বাংলাদেশের নাগরিক। আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেখানে আসামী করা হয় সাকিবকে। আর সেই কারণেই সাকিবের দেশে আসতে যত সংশয়। সম্প্রতি তার বিরুদ্ধে দেওয়া লিখনও হয়েছে। এসব কারণে সাকিব দেশে এলে গ্রেপ্তার এড়াতে পারলেও জনরোষ ঠেকানো নিয়েও রয়েছে সংশয়।

এই বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আমি যতটুকু জানি দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বার (বাধা) থাকার কথা না। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় বলতে পারবে। কারণ আমি বিশেষজ্ঞও নই এবং আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও নেই।’

বলেন, ‘দেওয়াল লিখনের বিষয়টা সামাজিক মাধ্যমে আমার চোখেও পড়েছে। যারা লিখেছেন, গণতান্ত্রিক দেশে সাংবিধানিক অধিকার তাদের আছে। যেকোনো কিছু করার অধিকার তারা রাখেন, তবে  সেই অধিকার যেন কারোর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে না দেয়। যদি আইনগত কোনো বিষয় থাকে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। এখানে দক্ষিণ আফ্রিকা আসবে, আমাদের পরিবেশটাও ভালো রাখতে হবে। বিদেশি অতিথিরা যেন অনিরাপদ মনে না করেন।’

তিনি আরও যোগ করেন, ‘নাগরিকের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। ক্রিকেটারদের নিরাপত্তাও দেখবে রাষ্ট্র। আবেগের জায়গাটা অবশ্যই আছে। একটা আন্দোলন হয়েছে, আগের ফ্যাসিবাদি সরকারের সঙ্গে সাকিব আল হাসানের একটা সম্পর্ক রয়েছে, সেটা তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। তারপরও কিছু আবেগ রয়ে গেছে। সেটা অন্য বিতর্ক।’

সাকিব আল হাসানের দেশে আসতে কোনো বাধা নেই জানিয়ে তিনি বলেন, ‘সমস্যা নেই। এখন পর্যন্ত তো আসলে এমনটাই দেখা যাচ্ছে। আইন তো আসলে আইনের মতোই চলে। আমি এই বিষয়ে কিছু বলতে পারব না। আইন উপদেষ্টাও একটা ব্যাখ্যা দিয়েছেন।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত