‘সিরিজ জয়ের জন্য যা যা করা দরকার সবই করেছে পাকিস্তান’

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। প্রথম টেস্ট হেরে পিছিয়ে পড়েও তারা দারুণ এই জয় তুলে নিয়েছে। তৃতীয় টেস্টে আলোচনায় রাওয়ালপিন্ডির উইকেট। ম্যাচ শুরু হওয়ার আগে ফ্যান চালিয়ে ও হিটার জ্বালিয়ে উইকেট আরও শুকিয়ে ফেলা হয়েছে। ফলে উইকেট আরও মন্থর হয়েছে।

ইংল্যান্ডের ২০টি উইকেটই নিয়েছেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলি। খেলা শেষে উইকেট নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। অবশ্য উইকেট নিয়ে তিনি কোনো অভিযোগ করেননি। বরং বলেছেন, পাকিস্তান সেটাই করেছে যেটা প্রতিটি দল নিজেদের মাটিতে করে থাকে।

গতকাল শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে প্রশ্ন উঠলে স্টোকস বলেন, ‘উইকেট নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। ঘরের মাঠে সব দলই চায় সুবিধা নিতে, ম্যাচ জিততে। পাকিস্তানও ঠিক সেটাই করেছে। জয়ের জন্য যা যা করা দরকার, তারা সেটাই করেছে। এতে আমাদের কিছু বলার নেই। আমরাও নিজেদের মাঠে এটাই করতাম। সব দেশই করে।’

প্রথম টেস্ট জয়ের পর যে বাকি দুই টেস্টে হারতে হবে তা ভাবতে পারেননি স্টোকস। তিনি স্বীকার করে নিয়েছেন যে পাকিস্তান তাদের থেকে ভালো খেলেছে, ‘তারা হোম কন্ডিশন কাজে লাগিয়েছে। অবশ্যই আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। প্রথম টেস্টে আমরা ভা খেলেছিলাম। কিন্তু পরের দুই টেস্টে পারিনি। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারিনি। তবে এগিয়ে গিয়েও সিরিজ হেরে খারাপ লাগছে।’

তিন ম্যাচের এই সিরিজের শুরুটা অবশ্য অন্যভাবে হয়েছিল। মুলতানে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৮২৩ রান করেছিল ইংল্যান্ড। ট্রিপল সেঞ্চুরি করেছিলেন হ্যারি ব্রুক। জো রুট করেছিলেন ডাবল সেঞ্চুরি। ইনিংস ও ৪৭ রানে জিতেছিল ইংল্যান্ড। পরের টেস্টেই বাবর আজমকে বাদ দেয় পাকিস্তান। ১০ মাস পর দলে ফেরেন সাজিদ ও নোমান। এই দুই স্পিনার পরের দুই টেস্টে ইংল্যান্ডের ৪০টি উইকেটের মধ্যে ৩৯টি শিকার করেন।